সিলেটে গৃহবধূকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ
সিলেট মহানগরের শাহ পরান থানা এলাকার মেজরটিলায় রুজিনা আক্তার (৩০) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী দোতলা বাসার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
রুজিনা আক্তার শাহ পরান থানা এলাকার মেজরটিলা এলাকার আবদুর রহমান সাগরের স্ত্রী। ছাদ থেকে পড়ে তাঁর দুই হাত ও বাঁ পা ভেঙে গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে রুজিনার ভাই শামীম আহমদ শাহ পরান থানায় মামলা করেছেন। তিনি এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, এ ঘটনায় আবদুর রহমান সাগরসহ তাঁর পরিবারের সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। যৌতুক না পেয়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
রুজিনার বাবার পরিবারের সদস্যরা জানান, প্রায় ছয় মাস আগে রুজিনার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক চেয়েছিলেন সাগর। এর মধ্যে দুই লাখ টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা না দেওয়ায় গত বুধবার দুপুর থেকে তাঁকে ঘরে আটকে রেখে সাগর মারধর করেন। সন্ধ্যায় দোতলা বাসার ছাদে নিয়ে আরেক দফা মারধর করতে থাকেন। একপর্যায়ে তাঁকে ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেন। রুজিনার চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁর বাবার বাড়িতে খবর পাঠান। খবর পেয়ে পার্শ্ববর্তী তেররতন এলাকা থেকে রুজিনার বাবার পরিবারের সদস্যরা সেখানে থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে চিকিৎসাধীন রুজিনা জানান, বুধবার দুপুর থেকে তাঁকে ঘরে আটকে রেখে নির্যাতন করছিলেন সাগর। একপর্যায়ে সাগর তাঁকে টেনে ছাদে নিয়ে যান। পরে ছাদ থেকে ফেলে দিয়ে তিনি বাসা থেকে পালিয়ে যান।