সিলেটে চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেছিল ছাত্রলীগের একটি অংশ। চাহিদামতো চাঁদা না দেওয়ায় তারা একটি রোগনির্ণয় কেন্দ্র ও তিনটি ওষুধের দোকানে ভাঙচুর চালিয়েছে। গত বুধবার রাতে সিলেট শহরের স্টেডিয়াম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ভাঙচুরে ক্ষতিগ্রস্ত একটি ওষুধের দোকানের মালিক মহানগর ছাত্রদলের এক নেতা। চাঁদা দাবি নিয়ে তাঁর অনুসারীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের তিন কর্মী আহত হন।
খবর পেয়ে রাতেই সিলেট কোতোয়ালি থানার ওসি নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, চাঁদা না পাওয়ায় ছাত্রলীগের ক্ষুব্ধ কর্মীরা এই ভাঙচুর চালিয়েছেন। হামলাকারীরা মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পীযূষ কান্তি দের অনুসারী।
ওই ব্যবসায়ীরা বলেন, ছাত্রলীগের এই অংশের কর্মীরা স্টেডিয়াম মার্কেট এলাকায় নিয়মিত অবস্থান নেন। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে কয়েকজন কর্মী স্টেডিয়াম মার্কেটে অবস্থিত ল্যাব ডি নোভা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালট্যান্সি সেন্টার ও তিনটি ওষুধের দোকানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এর মধ্যে ২০ হাজার টাকা দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার মার্কেট এলাকায় সশস্ত্র অবস্থান নেন ছাত্রলীগের কর্মীরা।
তিনটি দোকানের একটির মালিক মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক কাওসার মাহমুদ সুমন। ছাত্রলীগের কর্মীদের সশস্ত্র অবস্থানের পরিপ্রেক্ষিতে ছাত্রদলের ‘প্রান্তিক গ্রুপ’-এর কর্মীরাও মার্কেট এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে বিকেলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে ছাত্রলীগের কর্মী জাহেদ, মঈনুল ও রিপন আহত হন। সংঘর্ষের পর রাত নয়টার দিকে ছাত্রলীগের কর্মীরা ল্যাব ডি নোভা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালট্যান্সি সেন্টারসহ তিনটি ওষুধের দোকানে ভাঙচুর চালান।
ছাত্রদলের নেতা কাওসার মাহমুদ বলেন, ছাত্রলীগের কর্মীরা তাঁর ও আশপাশের ওষুধ ব্যবসায়ীদের কাছে প্রায় এক সপ্তাহ ধরে চাঁদা দাবি করে আসছিলেন। ফোনে যোগাযোগ করলে ছাত্রলীগের নেতা পীযূষ কান্তি প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি হবিগঞ্জে অবস্থান করছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। তাঁর নামে চাঁদা দাবি করার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, ‘আমি স্পটে নাই, আমার নাম আসে কীভাবে?’