সিলেটে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন সিলেটে সিপিবি-বাসদের সমাবেশে হামলার জেরে বিলুপ্ত জেলা ছাত্রলীগের কমিটির সহসভাপতি আলী হোসেন। গত সোমবার রাতে নগরের মিরাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আলী হোসেনের (৩২) বিরুদ্ধে প্রবাসীর জায়গা দখলের কথা বলে চাঁদা দাবির অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার তাঁকে জেলে পাঠানো হয়েছে। সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বলেন, আলী হোসেনের বিরুদ্ধে প্রবাসীর জায়গা দখল করে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ ওঠার পর ৯ জুন নগরের শাহজালাল উপশহরে এলাকাবাসী মানববন্ধন করেন। সেখানে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। এ ঘটনায় নগর পুলিশের শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি হলে পরে এটিকে মামলায় রূপান্তর করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গত ১৫ মে রাতে নগরের বালুচর থেকে গ্রেপ্তার করা হয় হিরণ মাহমুদ নিপুকে। তিনি ২০১৩ সালে সিলেটে সিপিবি-বাসদের সমাবেশে হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন।