সিলেটে চুবিয়ে স্ত্রী ও ছেলেকে হত্যার অভিযোগ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নুনু মিয়া নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী ও ছেলেকে হাওরের পানিতে চুবিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার উপজেলার মোগলাবাজার থানার অধীন ইনাত আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত দুজন হলেন নুনু মিয়ার স্ত্রী আকলিমা বেগম (২৪) ও ছেলে জনি মিয়া (৩)। পারিবারিক কলহের জের ধরে নুনু মিয়া এ ঘটনা ঘটিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে পাশের হাওর থেকে নুনু মিয়াকে হন্তদন্ত হয়ে ঘরে ফিরতে দেখেন স্থানীয় কয়েকজন। সন্দেহ হলে তারা ঘরে উঁকি দিয়ে তাঁকে তাঁর স্ত্রী ও ছেলের লাশ লুকানোর চেষ্টা করতে দেখেন।
তাঁরা বিষয়টি অন্য লোকজনকে জানাতে গেলে নুনু মিয়া লাশ ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বিকেল চারটার দিকে গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে নুনু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
মোগলাবাজার থানার এসআই আবদুস সালাম দাবি করেন, নুনু মিয়া পুলিশ ও এলাকাবাসীর সামনে তাঁর স্ত্রী ও সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। এ কারণে তাঁকে স্ত্রী ও সন্তান হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এলাকাবাসী পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে জানালেও পুলিশ এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে।
এলাকাবাসী জানান, নুনু মিয়ার সঙ্গে তাঁর স্ত্রীর প্রায়ই ঝগড়া হতো। গতকাল দুপুরে বাড়ির পাশে হাওরে গোসল করতে গিয়ে হয়তো স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে নুনু মিয়া এ ঘটনা ঘটিয়েছেন।
আকলিমার বড় ভাই মোহাম্মদ আলী অভিযোগ করেন, বিয়ের পর থেকেই পারিবারিক কলহ ছিল। অসংখ্যবার তাঁর বোন নির্যাতনের শিকার হয়েছেন। এ জন্য টানা দেড় বছর তাঁরা বোনকে তাঁদের (বাবার বাড়ি) কাছে রেখেছিলেন। এক মাস আগে আবার নুনু মিয়ার কাছে ফিরে যান তাঁর বোন।