সিলেটে চুরি হয়ে যাচ্ছে অস্থায়ী ডাস্টবিন, পুনঃস্থাপনের দাবি

ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাতে কয়েক মাস আগে ৩০০টি অস্থায়ী ডাস্টবিন স্থাপন করেছিল সিটি করপোরেশন কর্তৃপক্ষ। কিন্তু এরই মধ্যে বেশ কিছু ডাস্টবিন চুরি হয়ে গেছে। এর ফলে অনেক এলাকায় আবারও সড়কের ওপর ময়লা-আবর্জনা ফেলছেন নগরবাসী।
এই ৩০০ ডাস্টবিনের মধ্যে ২৫০টি ডাস্টবিন শিকল দিয়ে পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। বাকি ৫০টি ডাস্টবিন লোহার কাঠামো দিয়ে ঝুলন্ত অবস্থায় স্থাপন করা হয়েছিল। সিটি করপোরেশনের প্রকৌশল শাখা সূত্রে এই তথ্য জানা গেছে।
নগরের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার জন্য কর্তৃপক্ষের অস্থায়ী ডাস্টবিন স্থাপন করাটা ইতিবাচক পদক্ষেপ। কিন্তু এরই মধ্যে কয়েকটি স্থানের ঝুলন্ত বিন চুরি হয়ে গেছে। এ অবস্থায় স্থানীয় ব্যক্তিরা আগের মতোই সড়কে আবর্জনা ফেলছেন।
সম্প্রতি তালতলা এলাকায় গিয়ে দেখা গেছে, সেখানে স্থাপিত ঝুলন্ত বিনটি নেই। কেবল বিনটি স্থাপন করার জন্য লোহার কাঠামো আছে। পাশেই আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে আছে। এ ছাড়া বন্দরবাজার ও চৌহাট্টা এলাকায় স্থাপিত কয়েকটি ঝুলন্ত বিনও চুরি হয়ে গেছে। সেখানে কাঠামোও নেই। বিন স্থাপনের কোনো চিহ্নই এখন আর অবশিষ্ট নেই।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব বলেন, শহর পরিচ্ছন্ন রাখার স্বার্থে ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপন করাটা খুবই ভালো একটি উদ্যোগ। কিন্তু সেগুলো চুরি যাওয়াটা দুঃখজনক। টোকাই বা মাদকসেবীরা ডাস্টবিন চুরির সঙ্গে জড়িত থাকতে পারে বলে তাঁর ধারণা। তিনি এই চুরি রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শিগগিরই খোয়া যাওয়া বিনগুলো পুনঃস্থাপনে সিটি কর্তৃপক্ষের উদ্যোগী হওয়া প্রয়োজন বলে মনে করেন।
জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, শহর পরিচ্ছন্ন রাখার স্বার্থে ডাস্টবিনগুলো পুনঃস্থাপন করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। শিগগির সিটি কর্তৃপক্ষ স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করবে এবং যেসব স্থানের বিন চুরি হয়ে গেছে, তার একটি তালিকা করবে এবং কার্যকর ব্যবস্থা নেবে।