সিলেটে ছাত্রদলের দুই কর্মী ছুরিকাহত
সিলেটে ছাত্রদলের দুই নেতা-কর্মী ছুরিকাহত হয়েছেন। গত শনিবার রাতে নগরের দর্শনদেউড়ি এলাকায় এক হামলায় এ ঘটনা ঘটে।
আহত দুই নেতা-কর্মী হলেন সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি হানুর ইসলাম ওরফে ইমন ও ছাত্রদলের কর্মী আবদুর রহমান ওরফে সাইজুল। তাঁদের দক্ষিণ সুরমার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে ইমনকে ঢাকায় পাঠানো হয়।
ছাত্রদলের কর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নগরের পাঠানটুলার একটি কমিউনিটি সেন্টারে ‘খন্দকার আবদুল মালিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে জিয়াউর রহমানের স্মরণে আলোচনা সভা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় ছাত্রদলের দুটি পক্ষের মধ্যে বসার স্থান নিয়ে উত্তেজনা ছিল। এর জেরে রাত আটটার দিকে ছাত্রদলের নেতা ইমন তাঁর সঙ্গীদের নিয়ে বাসায় ফেরার সময় আরেকটি পক্ষ তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ইমন ও সাইজুল ছুরিকাহত হন।
সংগঠনের কর্মীরা দুজনকে উদ্ধার করে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ইমন গুরুতর আহত হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাতেই অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু তখন সেখানে কাউকে পাওয়া যায়নি।