সিলেটে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৭
সিলেট নগরের কলবাখানি এলাকায় গত রোববার রাতে দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকান ও বসতবাড়ি। সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন আহত হন।
জাতীয়তাবাদী ছাত্রদল থেকে ‘আওয়ামী তরুণ লীগ’ নামের একটি সংগঠনে যোগদান নিয়ে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে। তবে ওই এলাকায় তরুণ লীগের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থল থেকে আহতাবস্থায় এরশাদ আহমদ (২৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। এরশাদের দাবি, তিনি তরুণ লীগের কর্মী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কলবাখানি এলাকার ছাত্রদলের তিনজন কর্মী সম্প্রতি তরুণ লীগে যোগ দেন। তাঁদের মাধ্যমে আরও কয়েকজনের যোগদানের প্রক্রিয়া চলছিল। এ নিয়ে কলবাখানি এলাকার ছাত্রদলের কয়েকজন কর্মীর মধ্যে বচসা হয়। এরই জের ধরে এ সংঘর্ষ হয়। রাত আটটার দিকে এ সংঘর্ষের সময় ছররা গুলিবর্ষণের ঘটনাও ঘটে। পরে এলাকাবাসীর মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
এ ঘটনার ঘণ্টা খানেক পর এরশাদ আহমদের পক্ষের কর্মীদের সঙ্গে ছাত্রদলের কর্মীদের আরেক দফা সংঘর্ষ বাধে। দুই পক্ষে চলে পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। সেই সুযোগে অন্ধকারের মধ্যে ছাত্রদলের সমর্থকদের সাতটি দোকান ও তিনটি বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে বিমানবন্দর থানা ও আম্বরখানা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত প্রায় ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালির আম্বরখানা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শেখ মো. ইয়াসিন জানান, কলবাখানির একটি বাসায় আক্রমণ হয়েছে—এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তখনো দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল।
মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন জানান, ছাত্রদলের সাবেক ও বর্তমান কয়েকজন কর্মীর মধ্যে এ সংঘর্ষ হয়েছে। এক পক্ষ নিজেদের তরুণ লীগের কর্মী বলে দাবি করলেও এই নামে কোনো সংগঠন নেই।
ছাত্রদলের নিন্দা: দোকানপাট ও বাসাবাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জেলা ছাত্রদল। সংগঠনের সভাপতি সাঈদ আহমদ বলেন, ওই এলাকার অনেকেই ছাত্রদলের সমর্থক। এ কারণে তরুণ লীগের নামে ছাত্রদলের আধিপত্য ভাঙতেই হামলা হয়েছে। কারা হামলা করেছে—এ প্রশ্নে তিনি বলেন, ব্যাপারটি পুলিশই খতিয়ে দেখবে।