সিলেটে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ, সাতজন আহত

সিলেট নগরের জিন্দাবাজারে গতকাল শনিবার পুলিশের সঙ্গে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত সাতজন আহত হন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি সামাল দেয়।
জানা গেছে, প্রায় এক যুগ পর ১৮ সেপ্টেম্বর কেন্দ্র থেকে ছাত্রদলের সিলেট জেলা ও নগরের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ত্যাগী নেতাদের পদ দেওয়া হয়নি—এমন অভিযোগে ওই দিন থেকেই নেতা-কর্মীদের একটি অংশ বিক্ষোভ শুরু করেন। গতকাল জিন্দাবাজার এলাকার রেজিস্টারি মাঠে নতুন কমিটি প্রথম প্রকাশ্য কর্মসূচি ঘোষণা করে। পাল্টা কর্মসূচি ঘোষণা করেন পদবঞ্চিতরা। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে সকাল থেকে নগরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা একটার দিকে জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আহমদের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী ওই মাঠে কর্মসূচিতে অংশ নিতে সমবেত হন। তাঁদের ঘিরে রাখে পুলিশ। বেলা তিনটার দিকে মাঠে যান মহানগর ছাত্রদলের সভাপতি নূরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান ও সহসভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল। এ সময় তাঁরা একটি মিছিল বের করেন। কিন্তু পুলিশ বাধা দিলে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। একই সময় এই পক্ষকে প্রতিহত করতে ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীরা মিছিল নিয়ে রেজিস্টারি মাঠের দিকে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁদেরও বাধা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ অবস্থায় ছাত্রদলের দুই পক্ষ দুই দিক থেকে পুলিশের ওপর হামলা চালালে শুরু হয় সংঘর্ষ। সংগঠনের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়েন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় অতিরিক্ত পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছোড়ে। এর পরই নেতা-কর্মীরা পালিয়ে যান।
সংঘর্ষে ছাত্রদলের উভয় পক্ষের সাতজন আহত হন। এঁদের মধ্যে কালাম, আফজাল, সুমন নামের তিনজনকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রদলের নতুন নগর কমিটির সভাপতি নুরুল আলম সিদ্দিকী বলেন, বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে তাঁদের বিক্ষোভ কর্মসূচি ছিল। পুলিশ তাঁদের কর্মসূচি পালন করতে না দেওয়ায় কর্মীরা ক্ষুব্ধ হন।
অন্যদিকে পদবঞ্চিতদের পক্ষে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী দাবি করেন, ‘নতুন কমিটির নামে মূলধারার বাইরের কিছু লোকের মিছিল প্রতিহত করতে গিয়ে পুলিশের হামলার মুখে পড়তে হয়েছে।’
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমতুল্লাহ বলেন, কমিটি নিয়ে বিরোধে ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দেয়। কিন্তু কেউই রেজিস্টারি মাঠে মিছিল-সমাবেশ করার অনুমতি নেয়নি। এ অবস্থায় আইনশৃঙ্খলার স্বার্থে তাদের দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়।