সিলেটে ছাত্রলীগ কর্মী হত্যা, নেপথ্যে 'ব্যক্তিগত দ্বন্দ্ব'
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান ওরফে হাবিব (২৪) গত মঙ্গলবার রাত প্রায় পৌনে ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র হাবিব ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে যাচ্ছেন। তাঁর সফরের এক দিন আগে ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গতকাল বুধবার দুপুরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনেও এ বিষয়টি উঠে আসে। তবে নেতারা ঘটনাটি রাজনৈতিক নয়, ‘ব্যক্তিগত’ দ্বন্দ্ব থেকে ঘটেছে বলে দাবি করছেন।
ছাত্রলীগের একাধিক কর্মী জানিয়েছেন, কাজী হাবিব মঙ্গলবার দুপুরে ইউনিভার্সিটি ফটকের সামনে আক্রান্ত হন। তাঁর ডান পা ও হাতে কুপিয়ে রাস্তায় ফেলে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে অবস্থার অবনতি ঘটে। নগরের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার রাত প্রায় পৌনে ১২টায় তাঁর মৃত্যু হয়।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীঘাট গ্রামের কাজী সিদ্দিকুর রহমানের ছেলে হাবিব। ইউনিভার্সিটির পাশে কানিশাইল এলাকার একটি মেসবাড়িতে থাকতেন হাবিব।
হাবিব ক্যাম্পাসে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত থাকার বিষয়টি নিশ্চিত করে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন প্রথম আলোকে জানান, গতকাল সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে হাবিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, গতকাল বিকেলে নিহতের ভাই কাজী জাকির হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি হোসাইন মুহাম্মদ সাগরসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের একটি খসড়া কমিটি ছিল। ওই কমিটির সভাপতি হোসাইন মুহাম্মদ সাগর। কাজী হাবিব তাঁর পক্ষে সক্রিয় ছিলেন। সাগর বলেন, ‘আমরা যতটুকু জেনেছি, আরেক পক্ষে সক্রিয় হওয়াই কাজী হাবিবের ওপর হামলার কারণ।’
কাজী হাবিবের ওপর হামলার ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে আলাপ করে জানা গেছে, সম্প্রতি তিনি সাগরের পক্ষ ছেড়ে ছাত্রলীগের ‘তেলিহাওর গ্রুপ’-এর সঙ্গে সম্পৃক্ত হন।
মুঠোফোনে একাধিকবার কল করলেও সাগর ফোন ধরেননি।
নগরের তালতলা এলাকার গুলশান সেন্টারে আয়োজিত গতকাল আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে কাজী হাবিব হত্যা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজও ঘটনাটি ‘ব্যক্তিগত’ দ্বন্দ্ব থেকে ঘটেছে বলে জানান। তিনি বলেন, ‘ইতিমধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ এ সম্পর্কে বিবৃতি দিয়েছে। আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে এ বিষয়টি দেখছি না। তাই প্রধানমন্ত্রীর সফরেও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পড়ার মতো অবস্থা নেই।’
জানতে চাইলে ‘ব্যক্তিগত দ্বন্দ্ব’ কথার ব্যাখ্যায় মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়টি তদন্ত করে পুলিশ বের করবে। তদন্তের আগে কিছু বলাও ঠিক হবে না।’
নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলার ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে কাজী হাবিব ‘ব্যক্তিগত’ দ্বন্দ্বে খুন হয়েছেন বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইন। গতকাল সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রলীগের কোনো কমিটি নেই। তাই পক্ষ-বিপক্ষে সক্রিয় থাকারও কোনো অবকাশ নেই। ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব থেকে হত্যাকাণ্ড ঘটেছে। তবে যে কারণেই হোক, এ হত্যার বিচার নিশ্চিত করা হবে।’