সিলেটে ছাত্রলীগ কর্মীদের হামলায় দোকান কর্মচারী গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের টিলাগড় এলাকায় গতকাল বুধবার এক দোকান কর্মচারীকে ছাত্রলীগ কর্মীরা ছুরিকাঘাত করে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত রানা মিয়াকে (২৫) আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা পৌনে পাঁচটার দিকে টিলাগড় রেস্টুরেন্টে ইফতারসামগ্রী কিনতে যান নগরের মিরাপাড়া এলাকার বাসিন্দা ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহাব উদ্দিন। এ সময় দরদামের জের ধরে দোকানের কর্মচারীদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। কিছুক্ষণ পর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌধুরীসহ আরও কয়েকজন এসে রানাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করেছেন রেস্টুরেন্টের মালিক কালাম মিয়া।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, রানা প্রথমে জিলাপি প্রতি কেজি ৮০ টাকা চেয়েছেন। পরে টাকা দেওয়ার সময় তাঁর কাছে আরও ২০ টাকা অতিরিক্ত দাবি করেন। কারণ জানতে চাইলে ওই দোকানের এক কর্মচারী তাঁকে জিলাপি তোলার হাতল দিয়ে আঘাত করেন। এ সময় উভয় পক্ষের কিছু মানুষসহ স্থানীয় ব্যক্তিরা জড়ো হন। তবে কে বা কারা এ হামলা ঘটিয়েছে, তা তিনি জানেন না।
ছাত্রলীগ নেতা সঞ্জয় চৌধুরী অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘হামলার সঙ্গে আমি জড়িত নই। ভিড়ের মধ্যে কে বা কারা ওই দোকান কর্মচারীকে আহত করেছেন, সেটাও আমরা লক্ষ করিনি।’
সিলেট মহানগরের শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশ চেষ্টা করছে।