সিলেটে ছাত্রলীগ নেতা ছুরিকাহতের জের, বিএনপি নেতার বাসায় হামলা
সিলেটে একদল যুবকের অতর্কিত হামলায় মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষার ছুরিকাহত হওয়ার ঘটনাস্থল পার্শ্ববর্তী বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরীর বাসায় হামলা হয়েছে। হামলাকারীরা বাসার সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢোকে গ্যারেজে রাখা দুটো গাড়ি ভাঙচুর করে। পরে একটি মোটরসাইকেলে আগুন দিয়ে বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে চলে যায়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ফাঁকা গুলিও ছুড়েছে হামলাকারীরা। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
বিকেল পাঁচটার দিকে নগরের সুবিদবাজার এলাকার তারাদিন নামে রেস্তোরাঁর পাশে হামলার শিকার হন ছাত্রলীগ নেতা তুষার। বিকেল পাঁচটার সময় তাঁর ওপর অতর্কিত হামলা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ছাত্রলীগের এক কর্মীও আহত হন। দুজনকে আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নগরের সুবিদবাজার এলাকায় একটি রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার জেরে সন্ধ্যার পর হাসপাতাল এলাকায় জেলা ও নগর ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা পর একদল যুবক জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালায়।
মিজানুর রহমান চৌধুরী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য। ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তিনি। রাতে যোগাযোগ করলে মিজানুর প্রথম আলোকে বলেন, হামলার সময় তিনি বাসার দোতলায় ছিলেন। হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে মোটরসাইকেল পোড়ায়। পরে যখন বাসার ভেতরে ঢোকার চেষ্টা করে, তখন নিরাপত্তারক্ষীদের বাধা পেয়ে ফিরে যায়। হামলাকারীরা ককটেল ফাটিয়েছে ও ফাঁকা গুলি ছুড়েছে। তিনি জানান, এ সময় কোতোয়ালি থানার ওসিকে ফোন করলে ‘ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন। মিজানুর বলেন, বাসায় ঢুকে এ রকম হামলা চালানোয় আশপাশ এলাকার মানুষজনও বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
যোগাযোগ করলে কোতোয়ালি থানার ওসি সোহেল আহাম্মদ জানান, বিকেলের ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন ছিল। বাসায় হামলার ঘটনাটি খোঁজ নেওয়া হচ্ছে।