সিলেটে ছাত্রলীগের দুই কর্মীকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রগ ও রক্তনালি কেটে দিয়েছে হেলমেট পরা একদল দুর্বৃত্ত। নগরের সোবহানীঘাট এলাকায় জালালাবাদ কলেজ ফটকের সামনে গতকাল সোমবার বেলা একটার দিকে ঘটনাটি ঘটে।
ছাত্রলীগ অভিযোগ করেছে, জালালাবাদ কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রশিবিরের কর্মীরা এ হামলা চালিয়েছে। তবে মহানগর শিবির বিবৃতি দিয়ে বলেছে, ছাত্রলীগের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে।
ছাত্রলীগের আহত দুই কর্মী হলেন শাহিন আহমদ (২২) ও আবুল কালাম আসিফ (১৮)। দুজনই জালালাবাদ কলেজের প্রাক্তন শিক্ষার্থী। শাহিন সিলেট সদর উপজেলার টুকেরবাজারের পীরপুরের নুরুল আমিনের ছেলে এবং মদন মোহন কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। আর কালাম নগরের শাহজালাল উপশহরের জালাল উদ্দিনের ছেলে এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিবিএর প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁদের মধ্যে শাহিনের অবস্থা গুরুতর। বিকেলে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। কালামকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতালের উপপরিচালক দেবপদ রায় প্রথম আলোকে বলেন, রগ ও রক্তনালি কেটে হাড়ও কাটা পড়েছে একজনের (শাহিন)। তাঁর অবস্থা বেশি গুরুতর। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে তাঁকে। হাসপাতালে ভর্তি অপরজনের (কালাম) দুই পা, এক হাতের রগ ও ডান পায়ের রক্তনালি কাটা পড়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বেলা একটার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে হেলমেট পরা পাঁচ-ছয়জন যুবক রামদা ও চাপাতি নিয়ে জালালাবাদ কলেজে গিয়ে শাহিন ও কালামকে খুঁজতে থাকে। এ সময় ফটকের বাইরে দাঁড়ানো শাহিন ও কালামকে দেখিয়ে দিলে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায় তারা। প্রথমে শাহিনকে, পরে কালামকে ধাওয়া করে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা জালালাবাদ কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নবীনবরণের আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু শিবিরের বাধায় এই আয়োজন করতে পারেননি তাঁরা। কলেজের সাবেক ছাত্র হিসেবে শাহিন ও কালাম বিষয়টি বুঝতে গতকাল কলেজ ক্যাম্পাসে যাওয়ার পথে ফটকের সামনে হামলার মুখে পড়েন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. জেদান আল মুসা বলেন, কলেজের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ থেকে হামলাকারী শনাক্তের চেষ্টা চলছে।
ছাত্রলীগের বিক্ষোভ
হামলার ঘটনায় গতকাল বিকেলে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিক্ষোভ মিছিল করে জরুরি বিভাগের সামনে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ। এ সময় বক্তারা দুই কর্মীর ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরকে দায়ী করেন।
ভাঙচুর
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে আটটার দিকে একদল যুবক জালালাবাদ কলেজ এবং এর পাশে সিলেট মা ও শিশু হাসপাতালে হামলা করেন। কলেজের এক নিরাপত্তাকর্মী জানান, কলেজের অভ্যর্থনাকক্ষ, অফিসরুম, অধ্যক্ষের কক্ষ ও একটি কম্পিউটার ল্যাবের শ্রেণিকক্ষে ঢুকে যুবকেরা ভাঙচুর করেন। এ ব্যাপারে জানতে কলেজের অধ্যক্ষ এম এ বাকীকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। হামলার সময় হাসপাতালের একটি কক্ষ, একটি অ্যাম্বুলেন্স ও একটি অটোরিকশা ভাঙচুর করা হয়।
শিবিরের বিবৃতি
ঘটনার পর ছাত্রশিবিরের সিলেট মহানগর শাখার সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ, সেক্রেটারি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম এক যৌথ বিবৃতিতে ছাত্রলীগের অভিযোগ নাকচ করে বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে।