দিনদুপুরে টাকার ব্যাগ ছিনিয়ে পালাচ্ছিল ছিনতাইকারীরা। ধাওয়া করে একজনকে ধরে ফেলে জনতা। এরপর সেই ছিনতাইকারী জানালেন, তিনি পুলিশ সদস্য। সিলেট নগরের কেন্দ্রস্থলের বারুতখানা এলাকায় গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
এর আগে গত রোববার বগুড়ায় ইয়াবা বড়ি বিক্রি করতে গিয়ে র্যাবের হাতে ধরা পড়েন দুজন। জিজ্ঞাসাবাদে জানা যায়, দুজনই পুলিশ সদস্য।
সিলেটে আটক ব্যক্তির নাম শরীফ রানা (৩০)। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। সিলেট জেলা পুলিশের মোটরযান শাখার কনস্টেবল (নম্বর ৪৯৫) তিনি।
পুলিশ সূত্র জানায়, নগরের ধোপাদিঘিরপাড় এলাকার একজন নারী তাঁর ব্যবসায়ী ভাইকে সঙ্গে নিয়ে জিন্দাবাজারের একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে বারুতখানায় আরেক ব্যাংকে যান। বেলা দেড়টার দিকে সেখান থেকে বের হয়ে তাঁরা একটি রিকশায় উঠছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারী তাঁর টাকার ব্যাগটি টান দিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। ওই দুজন তখন চিৎকার দিলে আশপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করেন। দুজন মোটরসাইকেল থেকে নেমে পালিয়ে যায়। অপরজন মোটরসাইকেলসহ ধরা পড়েন।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন বলেন, ক্ষুব্ধ জনতা পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি ওই ব্যক্তিকে পিটুনি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তা থেকে রেহাই পেতেই ‘আমি পুলিশ কনস্টেবল’ বলে পরিচয় দেন তিনি। এরপর লোকজনের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। পরে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, সাদাপোশাকে থাকায় প্রাথমিকভাবে শরীফের পরিচয় সম্পর্কে সন্দেহ হয়েছিল। পরে তা নিশ্চিত হওয়া গেছে। অন্য দুই ছিনতাইকারীর ব্যাপারে জানতে ও ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে শরীফকে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে বগুড়ায় ইয়াবা বড়ি বিক্রি করতে গিয়ে র্যাব-১২ স্পেশাল কোম্পানির হাতে আটক দুই পুলিশ সদস্য হলেন এনামুল হক (২৬) এবং মেহেদী হাসান (২৫)। এনামুলের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার উনচুরকি গ্রামে। মেহেদীর বাড়ি সোনাতলা উপজেলার পশ্চিম তেকানী চুকাইনগর গ্রামে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর এ এফ এম আজমল হোসেন বলেন, রোববার বিকেলে গাবতলী উপজেলা সদর থেকে ৯৭৫টি ইয়াবা বড়িসহ ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, দুজনই রেলওয়ে পুলিশের চট্টগ্রাম লাইনে রিজার্ভ পুলিশ হিসেবে কর্মরত।