সিলেটে জাপার দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর
কেন্দ্রীয় মহাসচিবের সঙ্গে দেখা করতে গিয়ে সিলেটে জাতীয় পার্টির (জাপা) সাংসদ পক্ষ ও জেলা আহ্বায়ক পক্ষের নেতা-কর্মীদের মধ্যে গতকাল বুধবার রাতে সংঘর্ষ হয়েছে। দফায় দফায় চলা সংঘর্ষে ছয়জন আহত হয়েছে।
এ সময় সার্কিট হাউসের ফটকসহ দরজা-জানালা ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে সাবেক এক উপজেলা চেয়ারম্যানসহ ১৮ জনকে আটক করা হয়।
এ ঘটনার জের ধরে রাত সোয়া নয়টার দিকে এক পক্ষের হামলার মুখে পড়েন জাপার সাংসদ ইয়াহইয়া চৌধুরী। ক্ষুব্ধ একদল নেতা-কর্মী তাঁকে ‘ধর ধর...’ বলে আক্রমণ করে। তিনি সঙ্গে থাকা কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
জাপা সূত্র জানায়, জেলা কমিটির ইফতার অনুষ্ঠান উপলক্ষে দলের কেন্দ্রীয় মহাসচিব জিয়াউদ্দিন বাবলু গতকাল সিলেট পৌঁছান। নগরের একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতার সঙ্গে দেখা করতে সন্ধ্যার পর সার্কিট হাউসে জড়ো হন জাপার কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরীর পক্ষের নেতা-কর্মীরা। খবর পেয়ে জাপার জেলা আহ্বায়ক আবদুল্লাহ সিদ্দিকীর পক্ষের নেতা-কর্মীরা সার্কিট হাউসে যান। এর পরপরই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংসদ পক্ষকে সার্কিট হাউস থেকে তাড়াতে আহ্বায়ক পক্ষের নেতা-কর্মীরা ধাওয়া করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। রাত পৌনে আটটা থেকে নয়টা পর্যন্ত বিচ্ছিন্নভাবে দফায় দফায় সংঘর্ষ হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২২টি ফাঁকা গুলি ছুড়ে ও ঘটনাস্থল থেকে ১৮ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ রয়েছেন।
সংঘর্ষে আহত ছয়জনের মধ্যে রফিকুল আলম নামের একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আবদুল্লাহ সিদ্দিকী সংঘর্ষের জন্য দলের ভেতর থাকা দুর্বৃত্তদের দায়ী করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের কোনো গ্রুপ নেই। এটি কারা ঘটিয়েছে পুলিশ খোঁজে বের করবে।’ সাংসদ পক্ষের দিকে ইঙ্গিত করে আবদুল্লাহ সিদ্দিকী বলেন, ‘একটি পক্ষ দলের ভেতর থেকে এ ঘটনা ঘটিয়েছে।’ ঘটনার ব্যাপারে জানতে গতকাল রাতে সাংসদ ইয়াহইয়া চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তা ধরেননি।