সিলেটে জেলারের মাথা ফাটাল কয়েদি
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজের মাথা ফাটিয়ে দিয়েছেন এক কয়েদি। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহত জেলারকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দুপুরের দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলারের ওপর হামলাকারী কয়েদির নাম প্রমোদ চন্দ্র দাস। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। আজ রাতে এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর কারাগারের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কারাগার সূত্র জানায়, প্রতিদিনের মতো কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ প্রধান ফটকে বসে বন্দীদের হিসাব করছিলেন। এ সময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি প্রমোদ চন্দ্র দাসও লাইনে বসা ছিলেন। হঠাৎ পেছন থেকে ওই কয়েদি জেলার মাসুদ পারভেজের মাথায় একটি লোহার পাইপ দিয়ে আঘাত করেন। এ সময় অন্য কারা রক্ষীরা এগিয়ে এসে মাসুদ পারভেজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওসমানী হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে জেলার চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আজিম পাটোয়ারী জানান, কারাগারের ডেপুটি জেলার নুর মোহাম্মদ বাদী হয়ে প্রমোদ চন্দ্রকে আসামি করে মামলা করেছেন।
কারা সূত্র জানায়, প্রমোদ ২০০৪ সালের ১৯ মে থেকে কারাবন্দী।