
কারও ব্যক্তিমালিকানায় টিলা-পাহাড় থাকলে আইন অনুযায়ী তা কাটা নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা মানা হচ্ছে না সিলেটে।
নগরের আখালিয়া এলাকার যুগীপাড়ায় আবাসন প্রকল্পের জন্য ব্যক্তিমালিকানাধীন একটি টিলা কাটছেন মালিকপক্ষ। টিলাটি স্থানীয়ভাবে ‘বড়বাড়ি পাহাড়’ নামে পরিচিত। ২৫ দিন ধরে শতাধিক শ্রমিক টিলাটি কাটছেন। এই টিলায় হবে ২৪টি প্লট। প্রতিটি প্লটের আকার হবে চার থেকে পাঁচ শতক।
টিলা কাটা বন্ধে মালিকপক্ষের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তবু তা বন্ধ হয়নি। টিলায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বন, ঝোপ-ঝাড়ও উজাড় হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, প্রায় ২০০ ফুট উঁচু বড়বাড়ি পাহাড়ের পেছনের অংশ অবিকল রেখে সামনের পুরোটাই কেটে ফেলা হয়েছে। পেছন দিকে টিলা এলাকায় গেলে টিলা কাটার বিষয়টি বোঝা যায় না। টিলার যে অংশ কাটা হয়েছে তার সামনে ‘সোনালী হাউজিং প্রকল্প’ সাইনবোর্ড সাঁটানো। এতে ২৪টি প্লট বিক্রির নির্দেশনা রয়েছে।
২৭ নভেম্বর বিকেলে টিলা এলাকায় গিয়ে শ্রমিকদের মজুরি পরিশোধে ব্যস্ত এক ব্যক্তির সঙ্গে কথা হয়। তিনি নিজেকে প্রকল্পের তত্ত্বাবধায়ক হিসেবে পরিচয় দেন। তিনি জানান, আগে টিলা এলাকায় একটি ডেইরি ফার্ম ছিল। সেটি বন্ধ করে মালিকপক্ষ আবাসিক প্রকল্প করেছে।
টিলা কাটার কারণ সম্পর্কে ওই তত্ত্বাবধায়ক জানান, প্রকল্পে শতাধিক একর ভূমি রয়েছে। টিলা থাকায় জায়গার দাম ঠিকমতো পাওয়া যাচ্ছে না। জায়গার দাম বাড়াতেই টিলা কাটা হচ্ছে। টিলা কেটে ভূমি সমান্তরাল করা হলে প্রতি শতকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত দাম বেশি পাওয়া যাবে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পাহাড়-টিলা কর্তন বা অন্য কোনো উপায়ে ভূমিরূপ পরিবর্তন করা যাবে না। তবে ঝুঁকিপূর্ণ টিলা-পাহাড়ের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে ঝুঁকি হ্রাস করতে ড্রেসিং (ঝুঁকিপূর্ণ অংশ কেটে সমান্তরাল করা) করা যাবে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তারা টিলা কাটা এলাকা পরিদর্শন করেন। এরপর মালিকপক্ষকে টিলা না কাটতে মৌখিকভাবে নিষেধ করেন। কিন্তু টিলা কাটা অব্যাহত থাকায় গত ১৩ নভেম্বর পরিবেশ অধিদপ্তর সিলেটের একজন পরিদর্শক বাদী হয়ে টিলা ও আবাসন প্রকল্পের মালিকদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় মো. নিজামউদ্দিন চৌধুরী, মো. হুমায়ূনউদ্দিন চৌধুরী, শহিদ উল্লাহ চৌধুরী, রহিমউল্লাহ চৌধুরীকে মালিকপক্ষ দেখিয়ে মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, যুগীপাড়া এলাকায় ‘সুরমা ডেইরি ফার্ম’ নামে গরুর খামার ছিল। খামার থাকাকালে টিলাটি অক্ষত ছিল। খামার ও আশপাশে মোট ১২ একর জায়গা রয়েছে। এর মধ্যে এক-তৃতীয়াংশই টিলা।
যোগাযোগ করা হলে মো. নিজামউদ্দিন চৌধুরী দাবি করেন, তিনি মামলার বিষয়ে কিছু জানেন না। পরিবেশ অধিদপ্তর থেকে টিলা কাটার বিষয়ে তাঁদের সতর্কও করা হয়নি। সতর্ক করলে কি টিলা কাটতেন না—এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, তাঁরা টিলা কাটছেন না। ডেইরি ফার্ম থেকে আবাসিক এলাকায় রূপান্তর করতে কিছু উঁচুনিচু জায়গা সমান্তরাল করা হচ্ছে। এ জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়েছেন কি না—জানতে চাইলে নিজামউদ্দিন বলেন, ‘আমরা পরিবেশ অধিদপ্তরের কাছে গিয়েছিলাম। তারা বলেছে এ ধরনের অনুমতি দেওয়া হয় না। এ জন্য বাধ্য হয়ে আমরা নিজ দায়িত্বেই কাজ করছি।’
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, আইন অনুযায়ী পাহাড়-টিলায় কোনো ধরনের অবকাঠামোগত কাজ করতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হয়। ওই টিলার মালিকপক্ষ এ ধরনের কোনো অনুমতি নেওয়া তো দূরের কথা, মামলা করার পরও টিলা কাটা অব্যাহত রেখেছে। তিনি বলেন, মামলা করার পরও টিলা কাটা বন্ধ করা হয়েছে কি না—এ বিষয়টি পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে একাধিকবার পর্যবেক্ষণ করা হয়েছে। তা না করায় মামলার অভিযোগপত্র দ্রুত আদালতে দাখিলের প্রস্তুতি চূড়ান্ত করেছে পরিবেশ অধিদপ্তর।