সিলেটে ট্রান্সকম গ্রুপের ছয় লাখ টাকা ছিনতাই
ব্যাংকে কোম্পানির টাকা জমা দিতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন ট্রান্সকম গ্রুপ সিলেট কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা। ছিনতাইকারীরা প্রকাশ্যে কোম্পানির গাড়ি আটকিয়ে রামদা ও চাপাতির ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা এবং দেড় লাখ টাকার একটি ডিডি ছিনিয়ে নেয়। গতকাল রোববার দুপুর ১২টার দিকে নগরের উপশহর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ট্রান্সকম সিলেট কার্যালয়ের নিজস্ব টেম্পোযোগে কোম্পানির সহকারী শিপিং কর্মকর্তা মো. লুৎফুর রহমান তিন সহকর্মীকে নিয়ে উপশহর এলাকার একটি ব্যাংকের উদ্দেশে রওনা দেন। দুপুর ১২টার দিকে তাঁরা ব্যাংকের কাছাকাছি পৌঁছালে অতর্কিত পাঁচটি মোটরসাইকেলে করে একদল ছিনতাইকারী এসে তাঁদের গাড়িটি ঘিরে ফেলে এবং দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে।
ছিনতাইকারীরা রামদা ও চাপাতির ভয় দেখিয়ে তাঁদের সঙ্গে থাকা পাঁচ লাখ ৯২ হাজার ৮০৭ টাকা এবং দেড় লাখ টাকার একটি ডিডি ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছিনতাইয়ের শিকার মো. লুৎফুর রহমান জানান, কোম্পানির টাকা উপশহর এলাকার ইস্টার্ন ব্যাংকে জমা দেওয়ার জন্য যাওয়ার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছিনতাইকারীদের চিহ্নিত করে দ্রুত অভিযান চালাবে পুলিশ।