সিলেটে ঠিকাদারকে কুপিয়ে ছয় লাখ টাকা ছিনতাই
সিলেট নগরের তালতলা এলাকায় এক ঠিকাদারকে কুপিয়ে ছয় লাখ টাকা নিয়ে গেছে মোটরসাইকেলে আসা একদল ছিনতাইকারী। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ঠিকাদার কমল কান্তি দেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা পৌনে ১১টার দিকে কমল কান্তি দে তাঁর এক ভাতিজাকে নিয়ে পূবালী ব্যাংকের তালতলা শাখায় যান। ছয় লাখ টাকা তুলে রিকশায় ফেরার পথে চারটি মোটরসাইকেলে করে এসে একদল ছিনতাইকারী তাঁকে ঘিরে ধরে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কমল বাধা দিলে এক ছিনতাইকারী চাপাতি দিয়ে তাঁর হাতে দুটি কোপ দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়।
কমল কান্তি দে পেশায় একজন ঠিকাদার। তাঁর বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে। ছিনতাইয়ের সময় কমলের সঙ্গে থাকা তাঁর ভাতিজা অজয় দে সাংবাদিকদের জানান, ভূমি রেজিস্ট্রি করার জন্য ওই টাকা নিয়ে তাঁরা রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন। পথে আক্রান্ত হন। ছিনতাইকারীদের কোপে তাঁর চাচার হাতে জখম হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। ছিনতাইয়ের ঘটনাটি লোকমুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।