সিলেটে তিন কর্মকর্তার দপ্তরে তালা দিলেন কাউন্সিলররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ তিন কর্মকর্তার দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন সরকারদলীয় ওয়ার্ড কাউন্সিলররা। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে নগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমানের নেতৃত্বে ১০ জন কাউন্সিলর এই তালা ঝুলিয়ে দেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের কক্ষ ছাড়াও প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও প্রধান হিসাব কর্মকর্তা আ ন ম মনছেফের কক্ষে তালা ঝোলানো হয়েছে।

তালা দেওয়ার কারণ সম্পর্কে কাউন্সিলর আজাদ সাংবাদিকদের বলেন, সিটি করপোরেশন মেয়রবিহীন অবস্থায় থাকায় ওয়ার্ডের জনপ্রতিনিধিদের না জানিয়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলছে। জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহি না থাকার ক্ষোভে তাঁরা তিনটি দপ্তরে তালা ঝুলিয়েছেন। তবে সিটি করপোরেশনের একটি সূত্র জানায়, সম্প্রতি লালদীঘিরপাড় বিপণিবিতান নিয়ে একটি দরপত্র না পাওয়ার ক্ষোভে সরকারদলীয় কাউন্সিলররা তিনটি দপ্তরের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তালা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি শুনেছি তিনটি দপ্তরের কক্ষে তালা মেরেছেন কয়েকজন কাউন্সিলর। কী কারণে তালা মারা হয়েছে, জানি না।’

সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে কারাবন্দী রয়েছেন। মেয়র পদ থেকে তিনি ২০১৫ সালের ৭ জানুয়ারি সাময়িক বরখাস্ত হওয়ায় মন্ত্রণালয়ের নির্দেশে আর্থিক ক্ষমতাপ্রাপ্ত হয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন।