সিলেটে তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
সিলেটের ওসমানীনগরে মাদক ব্যবসার অপরাধে তিন ব্যক্তিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) এ এম জুলফিকার হায়াত এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রজান্তপুর গ্রামের জাকির হোসেন (২৮), একই উপজেলার লালাপুর গ্রামের মো. দিলদার হোসাইন (৪২) এবং সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব তাজপুর গ্রামের রুমেল আহম্মদ (৩২)। তাঁদের মধ্যে রুমেল কারাগারে এবং অন্য দুজন পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৬ সালে র্যাবের সদস্যরা ওসমানীনগর উপজেলার সৈয়দপুর গ্রামের একটি বাড়ির সামনে অভিযান চালিয়ে রুমেল, জাকির ও দিলদারকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁদের কাছ থেকে ২ লাখ ৯৮ হাজার টাকা দামের ৭৪৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৯-এর এসআই শুভ্র মুকুল চৌধুরী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওসমানীনগর থানায় মামলা করেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নিজাম উদ্দিন জানান, সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।