সিলেটে দুই পক্ষে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫
সিলেট নগরের রেজিস্টারি মাঠে দলিল লেখক ও হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলের এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর বিকেল সাড়ে চারটার দিকে রেজিস্টারি মাঠে সিলেট সদর দলিল লেখক সমিতির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ হয়। ওই সমাবেশ থেকে আগামী শনিবারের মধ্যে রেজিস্টারি মাঠ থেকে হকারদের উচ্ছেদে স্থানীয় প্রশাসনের প্রতি সময়সীমা বেঁধে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেজিস্ট্রি অফিসের সামনে দলিল লেখকেরা তাঁদের লেখালেখির কাজ করে থাকেন। এর কিছুটা সামনে অফিসের সামনের মাঠে বেশ কিছু হকার অস্থায়ী দোকানপাট বসিয়ে কাপড় বিক্রি করেন। গতকাল বিকেলের দিকে কয়েকজন দলিল লেখক মাঠের পূর্ব অংশে বসা একজন হকারের দোকান সরিয়ে নেওয়ার জন্য বলেন। এ নিয়ে দলিল লেখকদের সঙ্গে হকারদের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে দলিল লেখক ও হকাররা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। আধা ঘণ্টার ব্যবধানে তিন দফা সংঘর্ষ হয়।