সিলেটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার বরইকান্দির ৩ নম্বর রোড ও ১০ নম্বর রোডের লোকজনের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বরইকান্দির ৩ নম্বর রোডের শফিক মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫) ও জমসেদ মিয়ার ছেলে মাসুক মিয়া (৪৫)। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টার দিকে বরইকান্দি এলাকায় সুমন মিলের সামনে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক আহত হয়। এ ঘটনায় বরইকান্দির ১০ নম্বর রোডের আলফু মিয়া এবং তিন নম্বর রোডের গৌছ মিয়া ও আলতাফ মিয়ার লোকজনের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে রাত থেকে থমথমে অবস্থা বিরাজ করছিল। আজ সকাল থেকে দুই পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের গুলিতে আহত হন বাবুল ও জমসেদ। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মুহম্মদ আব্দুল ওয়াহাব প্রথম আলোকে বলেন, নিহত দুজন কোন পক্ষের, তা এখনো জানা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষিণ সুরমা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।