সিলেটে দুই ব্যক্তির কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে গতকাল বুধবার পৃথক দুটি স্থানে দুই ঘণ্টার ব্যবধানে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা দুই ব্যক্তির কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তিরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মজুমদারি এলাকার বিমানবন্দর সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে যাচ্ছিলেন চুনাপাথর ব্যবসায়ী নজরুল ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যালয়ের সামনে পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন ছিনতাইকারী অটোরিকশাটির গতিরোধ করে। এরপর ছিনতাইকারীরা অটোরিকশার যাত্রী নজরুলকে অস্ত্রের মুখে জিম্মি করে দুই লাখ টাকা রাখা ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়।
নজরুল জানান, সকালে এবি ব্যাংকের নগরের দরগাহ গেট শাখা থেকে তিন লাখ ১০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। এর মধ্যে এক লাখ ১০ হাজার টাকা এলসি করেন। বাকি দুই লাখ টাকা নিয়ে কোম্পানীগঞ্জে যাচ্ছিলেন তিনি। পথে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটি তিনি মহানগর পুলিশের বিমানবন্দর থানার পুলিশকে মৌখিকভাবে জানিয়েছেন।
ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান বলেন, ঘটনাটি তিনি শোনার পর বিমানবন্দর সড়কে কর্তব্যরত পুলিশের একটি দলকে জানান। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
ওই ঘটনার প্রায় দুই ঘণ্টা পর তালতলা এলাকায় ঘটে ছিনতাইয়ের দ্বিতীয় ঘটনাটি। ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে এক লাখ ৬১ হাজার টাকা তুলে তালতলা এলাকা দিয়ে রিকশায় ফিরছিলেন মেসার্স আবদুল খালিক অ্যান্ড সন্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী মোহন আহমদ (৩০)।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক বিজয় দাস জানান, ওই টাকা নিয়ে মোহন কালীঘাট এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয়ে ফিরছিলেন। পথে মোহনকে ছুরিকাঘাত করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। মোহনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ তদন্ত করছে।