সিলেটে দুজনকে ছুরিকাঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহপরান থানা এলাকার খাদিমনগরের বিসিক শিল্পনগরী এলাকায় দুর্বৃত্তদের হামলায় খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল কোম্পানির দুজন কর্মচারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে আটটার দিকে খাদিমনগরের চৌরাস্তার কাছে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুজন হচ্ছেন মোহাম্মদ রাজু (১৯) ও টাবু মিয়া (২০)। বাড়ি চাঁদপুর জেলায়। খাদিমনগরে বনফুল কোম্পানির কর্মচারী পদে চাকরি করতেন তাঁরা। আহত অবস্থায় সিলেটের দক্ষিণ সুরমার বলদি গ্রামের রাসেল আহমদকে (২২) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বনফুলের কয়েকজন কর্মচারী ও ঘটনাস্থলের পাশের কয়েকজনের বরাত দিয়ে জানায়, বনফুল কারখানায় কাজ করছিলেন তাঁরা। এ সময় একজন খাদিমনগর চৌরাস্তার মোড়ে রাজু, টাবু ও রাসেলকে ডেকে নেয়। সেখানে তিনজন যাওয়ামাত্র ওত পেতে থাকা কয়েকজন তাঁদের মারধর করে। একপর্যায়ে তাঁদের ছুরিকাহত করে ফেলে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন বনফুল কারখানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে। পূর্ববিরোধের জের ধরে হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। রাজু ও টাবুর বুকে, পিঠে ও পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাতসহ জখম পাওয়া গেছে।
বনফুল সিলেটের উপমহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম দুর্বৃত্তদের হামলায় দুজন নিহত ও একজন আহত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে কী কারণে হামলা, কারা করেছে—এসব বিষয়ে তাৎক্ষণিক তিনি কিছু জানাতে পারেননি।
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ওসি নিজামউদ্দিন চৌধুরী বলেন, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে।