সিলেটে দুটি ফ্ল্যাটে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের শিবগঞ্জ সেনপাড়া এলাকার একই বাড়ির দুটি ফ্ল্যাটে ডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের বেঁধে প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার দুটির সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল প্রথমে বাড়ির মালিক ব্যবসায়ী জয়ন্ত চক্রবর্তীর বাসায় ঢোকে। তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকাসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুটে নেয়।
এরপর ডাকাতেরা দ্বিতীয় তলার ভাড়াটিয়া একটি বেসরকারি ব্যাংকের আম্বরখানা শাখার সহকারী ব্যবস্থাপক বিমলেন্দু চৌধুরীর বাসায় যায়। সেখানেও একই কায়দায় পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করে নেয় দুর্বৃত্তরা।