সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহ পরান থানা এলাকার খাদিমনগরের বিসিক শিল্পনগরী এলাকায় দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ রাজু (১৯) ও টাবু মিয়া (২০) নামের দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন রাসেল আহমদ (২২) নামের আরও একজন।

হতাহতেরা সবাই খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল কোম্পানির কর্মচারী। আজ শুক্রবার রাত পৌনে আটটার দিকে খাদিমনগরের চৌরাস্তার কাছে এ ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়ার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে ও টাবু মিয়ার বাড়ি শরীয়তপুর জেলায়। আহত রাসেলের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বলদি গ্রামে। পুলিশ দুজনের লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। আহত রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বনফুলের কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলে জানা যায়, বনফুল কারখানায় কাজ করার সময় একজন লোক এসে রাজু, টাবু ও রাসেলকে খাদিমনগর চৌরাস্তার মোড়ে ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়া মাত্র ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের মারধর করতে থাকে। একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাঁদের উদ্ধারের চেষ্টা করে। তারাই বনফুল কারখানায় খবর দেয়। পরে কারখানার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।
বনফুলের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম তাঁদের প্রতিষ্ঠানের দুই কর্মী হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট মহানগর পুলিশের শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন চৌধুরী বলেন, পূর্ব বিরোধের জের ধরে হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজু ও টাবুর বুকে, পিঠে ও পেটে জখমের চিহ্ন রয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।