সিলেটে ধর্ষণ মামলায় গ্রেপ্তার 'সুনামগঞ্জের ত্রাস' যুবলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে তাঁর বিরুদ্ধে ২০টি মামলা। কিন্তু এসব মামলায় গ্রেপ্তার এড়িয়ে চলছিলেন তিনি। সম্প্রতি সিলেটে একটি ধর্ষণ মামলায় আসামি হওয়ার পরদিনই কোতোয়ালি থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তাঁর নাম হাসানুজ্জামান ওরফে ইস্পাহানী (৩৫)। তিনি সুনামগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

গতকাল বৃহস্পতিবার সিলেট কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে ওই যুবলীগ নেতাকে হাজির করে পুলিশ এসব তথ্য জানায়।

পুলিশ জানায়, সিলেটে এক কিশোরী ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় বুধবার রাতে সুনামগঞ্জ শহরের আরপিনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে খোঁজ নিয়ে দেখা যায়, ইস্পাহানীর বিরুদ্ধে শুধু ধর্ষণ নয়, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে আরও ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৫ সালে ব্যাংকের কোটি টাকা ছিনতাইয়ের সন্দেহভাজন হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন।

গতকাল দুপুরে কোতোয়ালি থানা-পুলিশ ইস্পাহানীকে ‘সুনামগঞ্জের ত্রাস’ অভিহিত করে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের বিস্তারিত বর্ণনা দিয়েছে।

কোতোয়ালি থানায় বেলা দুইটায় আয়োজিত সংবাদ সম্মেলনে ইস্পাহানীকে হাজির করে সংবাদ সম্মেলনে বলা হয়, ২২ জুলাই সিলেট নগরের একটি মহল্লা থেকে এক কিশোরীকে (১৭ ) অপহরণ করে ধর্ষণ করেন কয়েকজন সহযোগীসহ ইস্পাহানী। এ ঘটনায় ২৩ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইস্পাহানীসহ চারজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা হয়। মামলার পরদিন রাতে সুনামগঞ্জ শহরের আরপিনগরে নিজ বাড়ি থেকে ইস্পাহানীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে আরও ২০টি মামলার খোঁজ পায় পুলিশ। এর মধ্যে ব্যাংকের কোটি টাকা ছিনতাই, সন্ত্রাসী ও চাঁদাবাজির মামলাও রয়েছে।

সংবাদ সম্মেলনে কোতোয়ালি থানার জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) সাদেক কাউসার দস্তগীর বলেন, প্রাথমিক তদন্তে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় ইস্পাহানীসহ তাঁর সহযোগীদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়। মামলায় ইস্পাহানীর ভাই ও সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাও আসামি। এঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।