সিলেটে ধাওয়া করে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের লামাপাড়া এলাকায় ধাওয়া দিয়ে একদল লোক ছুরিকাঘাত করে এক তরুণকে হত্যা করেছে। গত শনিবার রাত সোয়া নয়টার দিকে লামাপাড়া সৈয়দ হাতিম আলী মাজারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম সাইফুল ইসলাম (২৪)। তিনি নগরের শিবগঞ্জ লামাপাড়া এলাকার আমজদ আলীর ছেলে। কী কারণে, কারা ধাওয়া করে তাঁকে হত্যা করেছে, এ বিষয়ে প্রত্যক্ষদর্শীসহ পুলিশও নিশ্চিত করে কিছু বলতে পারছে না। গতকাল রোববার সকালে সাইফুলের বাবা আমজদ আলী বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে মামলা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া নয়টার দিকে লামাপাড়া সৈয়দ হাতিম আলী মাজারের সামনে থেকে কয়েকজন লোক ‘চোর চোর...’ বলে চিৎকার দিয়ে ওই তরুণকে ধাওয়া দেয়। একপর্যায়ে পূর্বাশা স্টেশনারি নামের একটি দোকানের সামনে গিয়ে তরুণটি লুটিয়ে পড়েন। তাঁর বুকে ও পিঠ থেকে রক্ত ঝরছিল। পূর্বাশা স্টেশনারির পরিচালক ফয়ছল আহমদ জানান, এ সময় তাঁর পরিচয় জেনে কয়েকজন লোক উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, কারা, কী কারণে হত্যা করেছে, এ বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি। মামলার পর পুলিশ খুনি চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।