সিলেটে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে অটোরিকশাসহ নিখোঁজ হওয়ার সাত দিন পর এক চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলার একটি হাওর থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই চালকের নাম শ্রীনন্দ পাত্র (২২)। তিনি সিলেটের শাহপরান থানা এলাকার আদিবাসী পাত্র পল্লি দলইপাড়ার বাসিন্দা।
পুলিশ ও শ্রীনন্দের পরিবারের সদস্যরা বলেন, শ্রীনন্দ ২০ আগস্ট সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত নয়টায় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। শ্রীনন্দ ‘বিছনাকান্দি আছি’ বলে মুঠোফোন কেটে দেন। রাত দেড়টার দিকে আবার ফোন দিলে অন্য একজন মুঠোফোনে বলেন, শ্রীনন্দ পরদিন ভোরে ফিরবেন। ওই সময় একাধিকবার শ্রীনন্দকে মুঠোফোন দেওয়ার অনুরোধ করলে একপর্যায়ে মুঠোফোন বন্ধ করে দেওয়া হয়। ২১ আগস্ট শ্রীনন্দের বড় ভাই শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
দুই দিন পর সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও থেকে শ্রীনন্দের অটোরিকশা উদ্ধার করে পুলিশ। এ সময় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। তাঁদের একজন তানজিম আহমদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বেলা তিনটার দিকে গোলাপগঞ্জের মির্জাপুর গ্রামের একটি হাওর থেকে শ্রীনন্দের লাশটি উদ্ধার করে পুলিশ। সিলেট মহানগর পুলিশের শাহ পরান থানার ওসি সাখাওয়াৎ হোসেন বলেন, অটোরিকশা ছিনতাই করতে ২০ আগস্ট রাতে শ্রীনন্দকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ হওয়ার ঘটনায় করা জিডিটি হত্যা মামলা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।