সিলেট শহরতলির শিবেরবাজার থেকে এক ব্যবসায়ীর বস্তাবন্দী গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আতাউর রহমান ওরফে শাহজাহান (৩৭) নামের ওই ব্যবসায়ী শিবেরবাজারের পার্শ্ববর্তী হাটখোলা গ্রামের বাসিন্দা।
গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে শিবেরবাজার শাহি ঈদগাহের পাশে বস্তাবন্দী অবস্থায় লাশের খবর পেয়ে সিলেট মহানগরের জালালাবাদ থানার পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহের গলায় কাটা জখম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খুন করে লাশ বস্তাবন্দী করে ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত শাহজাহানের ছোট ভাই কবির আহমদ জানান, শাহজাহান শিবেরবাজারে শুঁটকির ব্যবসা করতেন। শাহজাহানের স্ত্রী সাত মাস ধরে বাবার বাড়িতে রয়েছেন। এ নিয়ে পরিবারে টানাপোড়েন ছিল।
গত শুক্রবার রাতে দুজন লোক শাহজাহানকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বলে যায়। শাহাহাজান রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
অন্যদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এস এম আই এইচ জালালীর আখালিয়া তপোবনের বাসা থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। গৃহকর্মীর নাম শরিফা ওরফে সুফিয়া (১৭)। তার গ্রামের বাড়ি নেত্রকোনায়।
চিকিৎসক জালালী দাবি করছেন, গৃহকর্মী আত্মহত্যা করেছে। সিলেট কোতোয়ালি থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রবিউল হক জানান, বাসার একটি কক্ষে গৃহকর্মী থাকত। সেখানে ভেতর থেকে দরজা লাগানো ছিল। দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।