সিলেটে নিখোঁজ শিক্ষার্থীর লাশ কিশোরগঞ্জে

সিলেট অ্যাগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের (এটিআই) নিখোঁজ হওয়া শিক্ষার্থী রূপন দেবনাথের (২৪) লাশ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পর গতকাল মঙ্গলবার বিকেলে ইটনা থানার তদন্ত কেন্দ্রের পার্শ্ববর্তী হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। আজ বুধবার সকালে লাশটি শনাক্ত করা হয়েছে।
ইটনা থানার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আকন্দ প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে তদন্ত কেন্দ্রের পার্শ্ববর্তী হাওরে একটি লাশ ভেসে ওঠে। উদ্ধারের পর লাশের সঙ্গে পাওয়া মুঠোফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারকে জানানো হয়। লাশটি রূপনের বলে আজ সকালে নিশ্চিত হওয়া গেছে। শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য লাশটি কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) বলেন, লাশের মুখ থেকে গলা পর্যন্ত পোড়া। চুল উঠে গেছে। চার-পাঁচ দিন আগে তাঁকে হত্যা করে লাশটি হাওরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রূপনের বাড়ি মৌলভীবাজারের কাজলধারা গ্রামে। এটিআইয়ের ডিপ্লোমা-উত্তর শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। সিলেট নগরের বাগবাড়ি এলাকার একটি মেসে থাকতেন রূপন। গত ২৫ আগস্ট সন্ধ্যায় মেসের সহপাঠীদের ‘আসছি’ বলে বের হয়ে আর ফেরেননি তিনি।
পরদিন রূপনের বড় ভাই রাজন দেবনাথ সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে গত ৩১ আগস্ট প্রথম আলোয় ‘আসছি বলে পাঁচ দিনেও ফেরেননি রূপন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
রাজন দেবনাথ বলেন, তাঁর ভাইয়ের মুখমণ্ডল দাহ্যপদার্থ দিয়ে পুড়িয়ে বিকৃত করা হয়েছে। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবেই তাঁকে হত্যা করেছে।