সিলেটে নিখোঁজের এক দিন পর মিলল চালকের লাশ
সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশে খালে পাওয়া গেছে অটোরিকশা (টমটম) চালক সুহেল আহমদের (২৪) লাশ।
লাশের পাশেই সুহেলের অটোরিকশাটিও পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
সুহেলের বাড়ি গোলাপগঞ্জ সদরের ঘোষগাঁও গ্রামের খালপাড় পাড়ায়। গতকাল সকালে খালের পাড়ে তাঁর মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
সুহেলের মাথায় জখমের চিহ্ন থাকায় পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাঁকে খুন করে লাশ ফেলে পালিয়েছে।
তাঁর বাবা আবদুল হান্নান জানান, গত শুক্রবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে সুহেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ওই দিন বিকেলে ও রাতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করে বন্ধ পাওয়া গেছে। সকালে গ্রামের লোকজন প্রথমে অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। পরে খালের পাড়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। কারা, কেন খুন করেছে—এ বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারী শনাক্ত করতে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তৎপরতা চালিয়েছে।