সিলেটে নিজ বাড়িতে তাবলিগের নেতা খুন
সিলেট শহরের ধোপাদীঘিরপাড় এলাকায় তাবলিগ জামায়াতের এক নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ইব্রাহিম আবু খলিল (৫৫) নামে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ আবু খলিলের দ্বিতীয় স্ত্রী ফাতেহা মাশকুরা (৩৮) ও তাঁর এসএসসি পরীক্ষার্থী ছেলে সাদ আবু হাবীবকে আটক করেছে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, ইব্রাহিম আবু খলিল তাবলিগ জামায়াতের ধোপাদিঘীরপার আঞ্চলিক শাখার আমির ছিলেন। একটানা প্রায় দুই মাস ভারতের বিভিন্ন এলাকায় তাবলিগ শেষ করে গত শনিবার তিনি বাসায় ফেরেন। পরদিন ফজরের নামাজের পর স্থানীয় মসজিদে ‘বয়ান’ করবেন বলে পরিবারের সদস্যদের জানিয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। ওই কক্ষে তিনি একাই ঘুমাতেন। সকাল আটটার পরও ঘুম থেকে উঠছেন না দেখে তাঁর স্ত্রী ফাতেহা মাশকুরা শয়নকক্ষে গিয়ে মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
প্রতিবেশীদের মাধ্যমে ঘটনা জানতে পেরে পুলিশ ও তাবলিগ জামায়াতের অনুসারী এবং খলিলের পরিচিতজনেরা সেখানে জড়ো হন। মহানগর পুলিশ ও কোতোয়ালি থানা-পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
মরদেহের সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ প্রথম আলোকে জানান, শয়নকক্ষের দরজা খোলা ছিল। মরদেহ খাটের নিচে পড়ে ছিল। গলায় ধারালো গভীর ক্ষত ও পেটের মধ্যে দুটো ক্ষত রয়েছে। তাঁর দুই হাত পেছন দিকে বাঁধা ছিল। মুখের কাছে একটি বালিশও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে আক্রান্ত হন খলিল। ঘর থেকে একটি ল্যাপটপ ও কিছু স্বর্ণালংকার খোয়া গেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটল কি না, তা তদন্ত করা হচ্ছে।
সওদাগরটুলার বাসায় খলিল দ্বিতীয় স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন। ওসি বলেন, বড় দুই ছেলে তাবলিগে থাকায় ছোট ছেলেসহ স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। খলিলের তিন স্ত্রীর বাকি দুজনের একজন মৌলভীবাজার ও একজন দিনাজপুরে থাকেন।