সিলেটে পরিচ্ছন্নতাকর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কাস্টঘর সুইপার কলোনির বাসিন্দা সিকন্দর লাল (৩০) নামের এক পরিচ্ছন্নতাকর্মী খুন হয়েছেন। গত শনিবার রাতে কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে।
সিকন্দরের পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, সিকন্দর লাল (৩০) ও তাঁর স্ত্রী রীতা লাল গোয়াইনঘাটের জাফলংবাজারে পরিচ্ছন্নতার কাজ করেন। সপ্তাহে দু-একবার তাঁরা কাস্টঘরের বাসায় আসেন। প্রিন্স নামের তাঁদের এক ছেলে কাস্টঘরে এক আত্মীয়ের বাসায় থাকে। শনিবার বিকেলে তাঁদের একটি কন্যাসন্তানের জন্ম হয়।
খবরটি জানাতে সন্ধ্যায় কাস্টঘর কলোনিতে আসেন সিকন্দর। কাস্টঘর থেকে ফেরার পথে মদ্যপায়ী কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বচসা হয়। এর জেরে রাত নয়টার দিকে খুলিয়াপাড়া এলাকায় তাঁকে ছুরিকাহত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, এ ঘটনায় সিকন্দরের ভাই বাবুল লাল গতকাল রোববার সকালে থানায় মামলা করেছেন। এতে আসামি করা হয়েছে তিনজনকে। পুলিশ তাঁদের খুঁজছে।