সিলেটে পশুর হাটের জন্য কাটা হচ্ছে টিলা

সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকার খেলার মাঠে বসে কোরবানির পশুর অস্থায়ী হাট। মাঠের প্রবেশমুখে রয়েছে একটি কাটা টিলা। আগে বাণিজ্য মেলার নামে দুই দফা কাটা হয়েছিল এ টিলা। এবার কোরবানির পশুর হাটের জন্য কেটে ফেলা হচ্ছে এটি।
সর্বশেষ টিলা কাটার কাজটি শুরু হয়েছে গত রোববার সকালে হাট বসানোর প্রস্তুতির শুরুতে। গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, ঈদগাহ মাঠটির প্রবেশমুখে বসানো হয়েছে বিশালাকারের তোরণ। হাটের আয়োজক হিসেবে এতে লেখা ‘মাঠ উন্নয়ন কমিটি’র নাম। তোরণের পাশে শামিয়ানা টানিয়ে এর আড়ালে চলছে টিলা কাটার কাজ। ওপর থেকে নিচ পর্যন্ত ভূমির সমান্তরালে কাটা হচ্ছে টিলার মাটি। এ কাজে ব্যস্ত ১০-১২ জন শ্রমিক। যেভাবে কাজ চলছে তাতে টিলা আর অবশিষ্ট থাকবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। আর এই পুরো কাজ তদারক করছেন হাটের ইজারাদার পরিচয়দানকারী সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমিনুর রহমান ওরফে পাপ্পু।
প্রায় ৩০ ফুট উঁচু এ টিলা প্রথম কাটা হয়েছিল ২০১০ সালে সিলেট চেম্বার আয়োজিত বাণিজ্য মেলার আয়োজনের সময়। ৭ মে এর একাংশ কেটে মেলার ফটক নির্মাণ শুরু হলে প্রথম আলোয় ‘টিলা কেটে মেলা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে কাজটি বন্ধ করে দেয় চেম্বার কর্তৃপক্ষ।
পরের বছরের নভেম্বরেই আবার বাণিজ্য মেলার নামে আবার টিলাটি কাটা শুরু হয়। একটি রেস্তোরাঁও বসানো হয় এর ওপর। রেস্তোরাঁর জন্য টিলার উপরিভাগ কাটায় তখন ১০ থেকে ১২ ফুট উচ্চতায় নেমে আসে এটি। পরে পরিবেশ অধিদপ্তর এ ঘটনায় একটি মামলা দায়ের করে। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হলেও পরে তদন্তে আর আসামিরা শনাক্ত হননি।
রায়নগর এলাকার একজন বাসিন্দা আক্ষেপ করে বলেন, টিলাটি মাঠের ঐতিহ্য ছিল। দুবার মেলার আয়োজনে টিলা কাটা হয়। এবার কোরবানির পশুর হাটের জন্য টিলা কাটা হচ্ছে। অথচ পরিবেশ অধিদপ্তরের কোনো খবর নেই।
আওয়ামী লীগ নেতা আমিনুর দাবি করেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই টিলা কাটা হচ্ছে। কর্তৃপক্ষ কারা, জানতে চাইলে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদের নাম বলেন তিনি। আমিনুর আরও বলেন, ‘এটাকে আর টিলা বলা যায় না, টিলার নিচের কিছু মাটি কেটে মাঠেই ফেলা হচ্ছে। সুতরাং অসুবিধার কিছু নেই।’ এ ব্যাপারে জানতে আশফাকের মুঠোফোনে গতকাল একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
এদিকে মামলাটির ব্যাপারে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, তিনি টিলা কাটার ঘটনার পর কার্যালয়ে যোগদান করেছেন। তাই মামলাটি এখন কী অবস্থায় আছে, তাঁর জানা নেই।
টিলা আবার কাটা হচ্ছে বলে জানানো হলে মোস্তাফিজুর রহমান বলেন, মামলাসংশ্লিষ্ট টিলা এভাবে কাটা যাবে না। ঘটনাটি দেখে ব্যবস্থা নেওয়া হবে।