সিলেটে প্রথম আলোর সাংবাদিকের মোটরসাইকেল চুরি
সিলেট নগরের পাঠানটুলা এলাকায় পূবালী ব্যাংকের সামনে থেকে প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদীর মোটরসাইকেলটি চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মহানগর পুলিশের জালালাবাদ থানাসহ কোতোয়ালি থানার পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক সন্ধান তৎপরতা চালিয়েও চুরি হওয়া মোটরসাইকেলের কোনো খোঁজ পায়নি। এ ঘটনায় রাতে মহানগর পুলিশের জালালাবাদ থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।
উজ্জ্বল মেহেদী বলেন, বেলা একটার দিকে তিনি পেশাগত কাজে পাঠানটুলা মোড়ে যান। পূবালী ব্যাংকের পাঠানটুলা শাখার সামনে অন্যান্য মোটরসাইকেলের সঙ্গে তিনি তাঁর লাল রঙের ১০০ সিসি হিরো হোন্ডা স্প্লেনডার মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো-হ-৩৭-৮৬০৫) তালা দিয়ে ব্যাংকে যান। ব্যাংক থেকে বের হয়ে দেখেন তাঁর মোটরসাইকেল নেই।
কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) নুরুল হুদা আশরাফী জানান, মোটরসাইকেলসহ চোরকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে তৎপরতা চালিয়েছে। জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, নগরের বিভিন্ন নিরাপত্তাচৌকিতে মোটরসাইকেলের বিবরণসহ তথ্য পাঠানো হয়েছে।