সিলেটে ফুটপাত থেকে হকার উচ্ছেদের পর আবার দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের ফুটপাতে গতকাল উচ্ছেদ অভিযান চালায় সিটি করপোরেশন। ছবিটি জিন্দাবাজার থেকে তোলা l প্রথম আলো
সিলেট নগরের ফুটপাতে গতকাল উচ্ছেদ অভিযান চালায় সিটি করপোরেশন। ছবিটি জিন্দাবাজার থেকে তোলা l প্রথম আলো

সিলেট নগরের ফুটপাতগুলোতে পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে অবৈধ দখলদার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
গতকাল বুধবার বেলা পৌনে তিনটায় নগরের কোর্টপয়েন্ট এলাকা থেকে শুরু হওয়া এ অভিযানে দেড় শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই আবার ফুটপাত হকারদের দখলে চলে যায়।
উচ্ছেদ অভিযান চলে প্রায় আধা ঘণ্টা। নগরের কোর্টপয়েন্ট থেকে চৌহাট্টা এলাকার প্রায় এক কিলোমিটার ফুটপাতজুড়ে অবৈধভাবে দখলে থাকা দেড় শতাধিক হকারকে উচ্ছেদ করা হয়। তবে অভিযান শেষ হওয়ার কিছুক্ষণ পর বিকেল চারটার দিকে পুনরায় এসব হকারকে ফুটপাতে পসরা সাজিয়ে বসতে দেখা যায়।
গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। এ সময় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুজ্জামান, চন্দন দাশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকারীরা জানান, অভিযানের আগে টানা তিন দিন সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরের গুরুত্বপূর্ণ বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা এলাকা থেকে ফুটপাতের দখলদারদের সরে যেতে নির্দেশনা জারি করে মাইকিং করা হয়েছে।
অভিযানে সিটি করপোরেশনের একটি বুলডোজার, নয়টি ট্রাক, একটি ট্রাক্টরসহ পরিচ্ছন্নতা শাখার ৫০ জন কর্মী অংশ নেন। এ সময় এসব পরিচ্ছন্নতাকর্মী রাস্তার ওপর হকারদের গড়ে তোলা অবৈধ স্থাপনা, চৌকি ও ব্যানার-ফেস্টুন অপসারণ করেন। এ সময় দুই ট্রাক জব্দ করা মালামাল করপোরেশনের কর্মীরা নিয়ে যান।