সিলেটে ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক
দুই পায়ের হাঁটু থেকে ঊরু পর্যন্ত দুই ভাগে বাঁধা। বাইরে থেকে লুঙ্গি ফোলা-ফাঁপা। কী হয়েছে, জানতে চাইলে তার আকুতি ‘অসুস্থ’। সন্দেহবশত লুঙ্গিতে টান দিতেই দেখা গেল, হাঁটু থেকে ঊরু পর্যন্ত বাঁধন। সেই বাঁধন থেকে বেরিয়ে এল ১৫টি ফেনসিডিলের বোতল।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গত বুধবার রাতে আলা উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকেই এভাবে ফেনসিডিল উদ্ধার করা হয়। আলা উদ্দিন সিলেটের জকিগঞ্জ উপজেলার দরিয়াবাজ গ্রামের বাসিন্দা।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, আলা উদ্দিন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে এভাবে নানা কৌশলে মাদক এনে নগরে বিক্রি করত। কিন্তু ধূর্ত প্রকৃতির হওয়ায় তাকে হাতেনাতে ধরা যাচ্ছিল না। বুধবার রাতে জকিগঞ্জ থেকে একটি বাস শ্রীরামপুর মোড়ে থামলে আলা উদ্দিন বাস থেকে নেমে পার্শ্ববর্তী একটি প্রসাধনসামগ্রীর দোকানের আশপাশে ঘোরাফেরা করছিল। তখন তাকে ফেনসিডিলসহ ধরা হয়।
আলা উদ্দিন পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তার সঙ্গে সবুজ নামের আরেক ব্যক্তি জড়িত রয়েছে। সে সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে আসে, আর সবুজ তা নগরের বিভিন্ন স্থানে বিক্রি করে।
এসআই আবুল হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আলা উদ্দিনকে মোগলাবাজার থানা হেফাজতে দেওয়া হয়েছে। তার সঙ্গী সবুজকে ধরতে তৎপরতা চলছে।