সিলেটে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে এক যাত্রী হত্যা মামলার আসামি নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আজমল বক্ত চৌধুরী ওরফে সাদেককে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার সিলেট মহানগর দায়রা জজ আদালতে আজমল আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক আকবর হোসেন মৃধা জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসে ২০১১ সালের ১৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় আগুন দেয় একদল দুর্বৃত্ত। এ সময় বাসে থাকা অন্য সব যাত্রী বের হতে পারলেও কাজী নাসির নামের এক ব্যক্তি গাড়িতে আটকা পড়ে আগুনে পুড়ে মারা যান। কাজী নাসির বগুড়ার বাসিন্দা ও চিত্রনায়িকা শাবনূরের বাবা।
দক্ষিণ সুরমার বদিকোনা এলাকার চণ্ডীপুলের কাছে বাসে আগুন দেওয়ার সময় বিএনপির মানববন্ধন কর্মসূচি চলছিল। পুলিশ এ ঘটনায় পৃথক দুটি মামলা করে। এর মধ্যে দক্ষিণ সুরমা থানার তৎকালীন এসআই হারুন মজুমদার হত্যা মামলা করেন। এতে আজমলসহ ৩৮ জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে।