সিলেট নগরে আকস্মিকভাবে ডাকাতি বেড়ে গেছে। গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন এলাকায় অন্তত আটটি ডাকাতির ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে আছে নগরবাসী। পাড়া-মহল্লায় স্থানীয় লোকজনের উদ্যোগে বসানো হয়েছে বিশেষ পাহারা।
পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ডাকাতি বেড়ে যাওয়ায় পুলিশ রাতের বেলা টহল জোরদার করেছে।
নগরের ছয়টি থানার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বশেষ গতকাল বুধবার ভোরে শাহপরান থানার আরামবাগ ও বালুচর এলাকায় এক প্রবাসীরসহ দুটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এর আগে গত শুক্রবার ভোররাতে শাহপরান থানার উত্তর বালুচর এলাকায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (গণসংযোগ ও প্রকাশনা দপ্তর) সালাউদ্দিন খসরুর ফ্ল্যাটে ঢুকে একদল সশস্ত্র ডাকাত টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে। এরপর ডাকাত দলটি পাশের রইছ মিয়ার বাসায় ঢুকেও একই কায়দায় নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ছয় দিনের ব্যবধানে তাঁর থানায় চারটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এলাকায় টহল পুলিশ বাড়িয়ে দেওয়ার পাশাপাশি তাঁরা ডাকাতদের ধরতে চেষ্টা চালাচ্ছেন।
বালুচর এলাকায় ডাকাতি বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন এলাকাবাসীর সঙ্গে গত সোমবার পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক আলোচনা সভা করেছিলেন।
সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, গত ছয় মাসে মহানগরের ছয়টি থানায় ১১টি ডাকাতির মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে জালালাবাদ ও বিমানবন্দর থানায় একটি করে, মোগলাবাজার থানায় দুটি, শাহপরান থানায় তিনটি এবং দক্ষিণ সুরমা থানায় চারটি। তবে কোতোয়ালি থানায় কোনো ডাকাতির মামলা গত ছয় মাসে রেকর্ড হয়নি।
একই সূত্র নিশ্চিত করেছে, এর বাইরে গত এক সপ্তাহের ব্যবধানে নগরের ছয় থানার আটটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা হয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ডাকাতি ঠেকাতে বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দা এবং ব্যক্তিগত উদ্যোগে নৈশপ্রহরী নিযুক্ত করা হয়েছে। নগরে গত এক মাসের ব্যবধানে এ রকম আনুমানিক ৫০০ নৈশপ্রহরী নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে বলে বিভিন্ন এলাকার বাসিন্দারা ও কয়েকটি সামাজিক সংগঠন নিশ্চিত করেছে।
ডাকাতির শিকার কয়েকটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাকাতদের লক্ষ্য থাকে বাসার পুরুষ মানুষদের গলায় ধারালো অস্ত্র ধরে বাকিদের হাত-পা-মুখ রশি বা কাপড় দিয়ে বেঁধে ফেলা। পুরুষদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেললে ভয়ে নারীরা চিৎকার করে না। ফলে নির্বিঘ্নে ডাকাতেরা মালামাল লুট করার কাজ সারতে পারে।
নগরের পনিটোলা এলাকার বাসিন্দা সুরঞ্জিত বর্মণ বলেন, তাঁর বাসায় গত ১৫ জুন ডাকাতি হয়। ১৮ থেকে ২০ লাখ টাকার মালামাল ডাকাতেরা লুটে নেয়। থানায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো ডাকাতকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তিনি বলেন, ‘নগরের ডাকাতির ঘটনাগুলো লক্ষ করলে দেখা যায়, ডাকাতেরা যে রাতে ডাকাতি করে, তখন অন্তত দুটি বাসায় ডাকাতি চালায়। প্রত্যেক জায়গায়ই ডাকাতেরা হাফপ্যান্ট পরে শরীরে তেল মেখে আসে।’
সাম্প্রতিক সময়ে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আন্তরিকভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। আমরা বিষয়টি সিরিয়াসলি দেখছি। ইতিমধ্যেই নগরের সব কটি পাড়া-মহল্লায় টহল জোরদার করা হয়েছে। এর পাশাপাশি স্থানীয়ভাবে নৈশপ্রহরী নিযুক্ত করার বিষয়ে এলাকাবাসীকেও উৎসাহিত করা হচ্ছে। ডাকাতদের ধরতে আমরা নানা স্থানে অভিযান চালাচ্ছি।’