সিলেটে বোমা সদৃশ বস্তুটি ছিল জর্দার খালি কৌটা

সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে পড়ে থাকা বোমা সদৃশ ওই বস্তুটি কোনো বোমা নয়। প্রকৃত পক্ষে এটি ছিল জর্দার একটি খালি কৌটা। কালো স্কচটেপ দিয়ে এটি মোড়ানো ছিল। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে মহানগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য জানান।
আজ সকাল নয়টায় স্থানীয়রা ‘এনাম এন্টারপ্রাইজ’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বোমা সদৃশ ওই বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির আশপাশ এলাকা ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখে। এ ছাড়া ঝুঁকি এড়াতে শাহী ঈদগাহ-হাজারিবাগ গলির মুখ পর্যন্ত সড়কে যান চলাচলও বন্ধ করে দেয়।
পরে স্কচটেপে মোড়ানো ওই বস্তুটি বোমা কি না, সেটি নিশ্চিত হতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছায়। এ নিয়ে ওই সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।উৎসুক মানুষদের দূরে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন...
সিলেটে বোমা সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ