সিলেটে ভেজাল তেলের কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থার (বিএসটিআই) ভুয়া অনুমোদন দেখিয়ে বাজারজাত করা ভেজাল সয়াবিন তেলের কারখানার সন্ধান পেয়েছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার কাস্থরাইল এলাকার একটি ভাড়া বাসায় ওই তেলের কারখানা সন্ধান মেলে। গোয়েন্দা পুলিশ বিএসটিআইয়ের একটি দলকে সঙ্গে নিয়ে অনুমোদনের বিষয়টি ভুয়া প্রমাণ হলে তাৎক্ষণিক কারখানা জব্দ করা হয়। কারখানায় কর্মরত তিন নারী শ্রমিকসহ চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ভাড়া বাসায় প্লাস্টিকের ড্রামে তেল রেখে সয়াবিন তেলের কারখানাটি চলছিল। দিনে বন্ধ রেখে শুধু রাতে কারখানা চলানো হতো। স্থানীয় লোকজনের মাধ্যমে গোয়েন্দা পুলিশের একটি দল বেলা একটার দিকে সেখানে যায়। কারখানায় ‘নূপুর’ ও ‘সাথী’ নামে সয়াবিন তেলের বোতলে বিএসটিআইয়ের অনুমোদিত উল্লেখ থাকায় বিএসটিআইয়ের একটি দলের মাধ্যমে অনুমোদন ভুয়া প্রমাণ হলে কারখানা জব্দ করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার জাবেদুর রহমান জানান, কারখানায় ৩০ থেকে ৩৫টি খোলা তেলের ড্রাম পাওয়া গেছে। এসব ড্রামের তেল এক হাজার লিটারের একটি ট্যাংকে রাখা। ওই ট্যাংক থেকে পাইপ দিয়ে নূপুর ও সাথী নামের ব্র্যান্ডে দীর্ঘদিন ধরে তেল বাজারজাত করে আসছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিএসটিআইয়ের ভুয়া অনুমোদন নিয়ে কারখানা চলায় সেটি জব্দ করা হয়েছে। কর্মরত চারজন শ্রমিককে আটক করে তাঁদের মাধ্যমে কারখানা পরিচালনার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের সন্ধান করা হচ্ছে।
বিএসটিআইয়ের সিলেটের উপপরিচালক (মেট) রেজাউল হক সাংবাদিকদের বলেন, সয়াবিন তেলের কারখানা করতে গেলে ল্যাব, কেমিস্ট, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, লে-আউট চার্টসহ ১২টি পদ্ধতি অনুসরণ করতে হয়। ওই নামে কোনো সয়াবিন তেল বাজারজাতের অনুমতি বিএসটিআই দেয়নি বলে তিনি নিশ্চিত করেন।
কারখানা থেকে আটক হওয়া তিন নারী শ্রমিকের সঙ্গে একজন পুরুষ শ্রমিক রয়েছেন। জাহিদ আহমদ নামের ওই ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে তাঁরা কারখানায় কাজ করে আসছিলেন। কারখানার মালিক এমদাদ হোসেনের মাধ্যমে তাঁরা চাকরি করছেন। তবে তিনি এখন কোথায় আছেন, এ বিষয়ে কোনো তথ্য দেননি জাহিদ।