সিলেটে মধ্যরাতে তিন শিশু উদ্ধার পাচারকারী সন্দেহে একজন আটক
রাত প্রায় সাড়ে ১২টা। মসজিদের ফটকের সামনে তিনটি শিশু ঘোরাঘুরি করছিল। মসজিদের ইমাম তাদের পরিচয় জানতে চাইলেন। শিশুরা দেখিয়ে দিল তিন ব্যক্তিকে। পাচারকারী সন্দেহে পুলিশে খবর দিলেন ইমাম। পুলিশ এসে শিশু তিনটিকে উদ্ধার করে। আর পাচারকারী সন্দেহে আটক করে এক ব্যক্তিকে। গত সোমবার রাতে সিলেট নগরের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম আসাদ জামান ওরফে আপন (২৫)। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বাইপাস এলাকায় তাঁর বাড়ি। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদ তিন শিশুকে আখাউড়া থেকে ট্রেনে করে সিলেটে নিয়ে আসার কথা স্বীকার করেন। তাঁর সঙ্গে আরও তিনজন ছিলেন। তিনি ধরা পড়ার সময় ওই তিনজন পালিয়ে যান। উদ্ধার হওয়া তিন শিশু ৯ থেকে ১২ বছর বয়সী। তিনজনই আখাউড়ার একটি মাদ্রাসার ছাত্র।
শিশুদের মধ্যে বয়সে বড় একজন পুলিশকে জানায়, রাগ করে তারা বাড়ি থেকে আখাউড়া রেলস্টেশন এলাকায় চলে এসেছিল। সেখান থেকে আসাদ তাদের বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নিয়ে আসেন। ট্রেনে তারা কান্নাকাটি করলে আসাদ তাদের খাওয়াদাওয়া করায়। সিলেটে এসে আসাদের সঙ্গে আরও দুজন লোককে শিশুরা দেখেছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি শিশু পাচার বলে ধারণা করা হচ্ছে। এর পরও ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।