এক-এগারোর পরিবর্তিত সময়ে মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে করা মামলায় মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার রাতে দুদক সিলেটের একটি দল নগরের চালিবন্দর এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিলেট কোতোয়ালি থানা-পুলিশে সোপর্দ করে।
দুদক সূত্র জানায়, ২০০৭ সালে বিভাগীয় মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার থাকাকালে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের ৩ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকার প্রকল্পে ও তথ্য মন্ত্রণালয় থেকে কম্পিউটার প্রকল্পে দুর্নীতির অভিযোগে গত ১ সেপ্টেম্বর দুদক সিলেটের উপপরিচালক রেবা হাওলাদার বাদী হয়ে সুব্রত চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তদন্ত শেষে দুর্নীতি প্রমাণিত হওয়ায় গতকাল রাত সাড়ে আটটার দিকে নগরের চালিবন্দর এলাকার নিজ বাসা থেকে সুব্রতকে আটক করে থানায় নিয়ে গ্রেপ্তার দেখানো হয়।