সিলেটে মুক্তিযোদ্ধার স্ত্রীকে হত্যা করে ভাতার টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরতলির নালিয়া এলাকায় প্রয়াত এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে হত্যা করে মুক্তিযোদ্ধার ভাতার টাকা লুট করা হয়েছে। জামালপুর শহরে গত রোববার রাতে এক স্কুলছাত্র এবং সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী গ্রামে কৃষক লীগের এক নেতা খুন হয়েছেন।

সিলেটে নিহত নারীর নাম হেলেন শর্মা (৪৮)। তিনি শহরতলির নালিয়া এলাকার প্রয়াত মুক্তিযোদ্ধা কুকিল মনি শর্মার স্ত্রী। তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মী পদে চাকরি করতেন।

সিলেট মহানগরের বিমানবন্দর থানার পুলিশ জানায়, ঈদের দিন রাতের কোনো একসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হেলেন শর্মাকে কুপিয়ে হত্যা করে মুক্তিযোদ্ধার ভাতা হিসেবে পাওয়া ৪০ হাজার টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। হেলেনের একমাত্র ছেলে মিঠু শর্মার বাড়ির কাছে মুদি দোকান আছে। গত রোববার বিকেলে বাড়িতে গিয়ে তিনি দেখেন শোয়ার ঘরের মেঝেতে তাঁর মায়ের রক্তাক্ত দেহ পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় গতকাল সোমবার সকালে নিহত নারীর ছেলে মিঠু শর্মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। খুনি শনাক্ত করার চেষ্টার কথা জানিয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, নিহত নারীর গলায় ধারালো অস্ত্রের চারটি ও পেটে একটি আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর মাথার পেছনের অংশ থেঁতলানো ছিল।

জামালপুরে নিহত মমিনুর ইসলাম জেলা শহরের মুসলিমাবাদ এলাকার মো. মজিবর রহমানের ছেলে। সে সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও বিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক ছিল।

জামালপুর সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে শহরের মনোয়ার প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে যায় মমিনুর। প্রেক্ষাগৃহের ভেতরে কয়েকজন তরুণের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সিনেমা দেখে বাইরে বের হওয়ার পর রাত ১১টার দিকে একদল তরুণ তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁরা তাকে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন মমিনুরকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য গতকাল সকালে পুলিশ লাশটি জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলেই খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।

সুনামগঞ্জে খুন হয়েছেন সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের আছদ্দর আলীর ছেলে ও জেলা কৃষক লীগের সাবেক সহপ্রচার সম্পাদক জুনেদ আহমদ (৩৮)। এ ঘটনায় পুলিশ জুনেদ আহমদের শ্যালক আবদুল মতিনকে (৩২) গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মাইজবাড়ি গ্রামের বদিপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুনেদকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, টাকাপয়সা নিয়ে মতিনের সঙ্গে জুনেদের বিরোধ ছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় জুনেদ আহমদের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট, সুনামগঞ্জ অফিস ও জামালপুর প্রতিনিধি)