সিলেটে মেয়েকে পিটিয়ে হত্যা করার অভিযোগ
সিলেটে পাঁচ বছর বয়সী মেয়েকে পিটিয়ে হত্যার পর লাশ কবর দিয়ে বাবা পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার পুলিশ ঘটনাস্থল সিলেট শহরতলির দত্তপাড়া গ্রামের বাবার বাড়ি থেকে তার রক্তমাখা জামা উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ তার সৎমাকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির নাম তানজিনা আক্তার (৫)। তার বাবা সাব্বির আহমদ গতকাল সকাল আটটার দিকে ঘুমের মধ্যে মারা গেছে বলে প্রতিবেশীদের জানিয়ে লাশ দাফন করার জন্য বাসা থেকে নিয়ে গেছেন।
পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের শাহপরান থানা এলাকার দত্তপাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করতেন সাব্বির আহমদ ও তাঁর দ্বিতীয় স্ত্রী আফজা বেগম (২৫)। তাঁদের সঙ্গে সাব্বিরের প্রথম স্ত্রীর সন্তান তানজিনাও থাকত। গতকাল সকালে তানজিনা ঘুমের মধ্যে মারা গেছে বলে সাব্বির প্রতিবেশীদের জানান। তড়িঘড়ি করে লাশ নগরের মানিকপীর টিলার গোরস্থানে গিয়ে দাফন করেন। খবর পেয়ে শাহপরান থানার পুলিশ বাড়িতে গিয়ে বসতঘরের বাথরুম থেকে মেয়েটির রক্তমাখা জামা উদ্ধার করে এবং সাব্বিরের দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।
শাহপরান থানার সুরমা গেট ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) চান মিয়া কয়েকজন প্রতিবেশীর বরাত দিয়ে জানান, শিশুটির গলা ও মাথায় জখমের চিহ্ন ছিল।
মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ সাব্বিরের বাসা থেকে শিশুটির রক্তমাখা জামাসহ কিছু আলামত উদ্ধার করেছে। মেয়ের কবরটিও শনাক্ত করা হয়েছে। আদালতের মাধ্যমে লাশ কবর থেকে উত্তোলন ও তার পলাতক বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাব্বিরের কয়েকজন প্রতিবেশী জানান, পেশায় ব্যবসায়ী পরিচয় দেওয়া সাব্বির সম্পর্কে তাঁরা বিস্তারিত কিছু জানেন না। তাঁরা শুধু জানতেন প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় বছর খানেক ধরে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দত্তপাড়ায় বসবাস করছেন তিনি। সঙ্গে প্রথম স্ত্রীর সন্তান তানজিনাও থাকত। তানজিনাকে সৎমা প্রায়ই মারধর করতেন। গতকাল সকাল আটটার দিকে মেয়েটির মৃত্যুর খবর পাওয়ার পর সন্দেহ হওয়ায় এলাকাবাসী পুলিশে খবর দেন। বিষয়টি জানতে পেরে মেয়ের লাশ নিয়ে কৌশলে বাড়ি থেকে চলে যান সাব্বির।
শাহপরান থানার ওসি শাখাওয়াৎ হোসেন জানান, জিজ্ঞাসাবাদে সাব্বিরের দ্বিতীয় স্ত্রী জানিয়েছেন গত শুক্রবার রাতে তানজিনাকে তার বাবা মারধর করেছিলেন। সকালবেলা তাঁরা ঘুম থেকে ওঠে মেয়েকে মৃত অবস্থায় দেখেন। ওসির ভাষ্যমতে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।