সিলেটে যখন তখন লোডশেডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কয়েক দিন ধরে দিনে ৮ থেকে ১০ বার বিদ্যুৎ যাচ্ছে। সন্ধ্যার পর স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় খেলা হওয়ার কারণেই লোডশেডিং বেড়ে গেছে। অথচ এসব ম্যাচ আন্তর্জাতিক কিংবা জাতীয় কোনো টুর্নামেন্টের নয়। রাতে খেলা না হয়ে বিকেলে ম্যাচগুলো হলে কী এমন সমস্যা হতো?’

এই প্রশ্ন সিলেটের একজন ক্রীড়া সংগঠকের। তিনি ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার অন্তত ১৭ জন ব্যক্তি মনে করেন, ফ্লাডলাইটের আলোয় খেলা হওয়ার কারণেই ঘন ঘন লোডশেডিং হচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে সিলেটের বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন বিশ্বাস বলেন, কয়েক দিন ধরে অপ্রত্যাশিত হারে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। সন্ধ্যার পর ফ্লাডলাইট জ্বালানোর কারণে এ চাহিদা বাড়েনি। এটি বেড়েছে মূলত হঠাৎ গরম বেড়ে যাওয়ায়।

বিদ্যুৎ বিভাগের প্রকৌশল শাখা জানায়, প্রতিদিন সিলেটে বিদ্যুতের চাহিদা ১৭০ মেগাওয়াট। এ চাহিদার পুরোটাই সরবরাহ করা হচ্ছে। কয়েক দিন আগে জাতীয় গ্রিডের একটি শক্তিশালী ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় লোডশেডিং হয়েছিল। ইতিমধ্যে সেটি সংস্কার করে ফেলায় সেভাবে আর লোডশেডিং হবে না।

নগরবাসী বলছেন, ফুটবল টুর্নামেন্ট শুরুর আগে সিলেট শহরে দিনে বড়জোর এক-দুবার লোডশেডিং হতো। কিন্তু এখন হরহামেশাই লোডশেডিং করা হচ্ছে। গতকাল সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ছয়টা থেকে এলাকাভেদে কমপক্ষে ১০ বারও লোডশেডিং হয়েছে। ২২ আগস্ট থেকে নগরের রিকাবীবাজার এলাকার জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে দ্বিতীয় বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। সন্ধ্যার পর থেকে ফ্লাডলাইটের আলোয় এ খেলা শুরু হয়।