সিলেটে যুবলীগের সমাবেশে ছাত্রলীগের তাণ্ডব, আহত ৫
সিলেট নগরের শামীমাবাদ এলাকায় গত বুধবার রাতে যুবলীগের সমাবেশে ছাত্রলীগের নেতারা হামলা ও তাণ্ডব চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় চেয়ার-টেবিলে অগ্নিসংযোগ, যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন।
যুবলীগের সমাবেশে আমন্ত্রণ না করায় ছাত্রলীগের কিছু বিক্ষুব্ধ নেতা-কর্মী এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলিবিনিময়ও হয়। তবে পুলিশের দাবি, সংঘর্ষের সময় কোনো গুলিবিনিময় হয়নি।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন ছাত্রলীগের কর্মী আরমান আহমদ, পলাশ, জাহেদ, জসিম ও রানা। তাঁরা সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিরা মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খানের সমর্থক হিসেবে পরিচিত বলে এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত আটটায় শামীমাবাদ এলাকার যুবলীগের একাংশের উদ্যোগে মহানগর যুবলীগের আহ্বায়কের সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমানের নেতৃত্বে কিছু নেতা-কর্মী সমাবেশস্থলে হামলা চালান। তাঁরা সমাবেশস্থলে রাখা চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এ সময় যুবলীগের কর্মীরা তাঁদের প্রতিহত করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ ও গুলিবিনিময় হয়। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের কর্মীরা চেয়ার-টেবিলে আগুন ধরিয়ে দেন এবং সমাবেশস্থলের পাশে রাখা দুটি মোটরসাইকেল ও চারটি ভ্যানগাড়ি ভাঙচুর করেন। রাত নয়টা পর্যন্ত সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে আশপাশের ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানও ভাঙচুর করেন বিক্ষুব্ধ লোকজন।
মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান সংঘর্ষে আহত ব্যক্তিরা তাঁর সমর্থক নন বলে দাবি করে বলেন, ‘আমি ঘটনার সময় ঢাকায় ছিলাম। সেখানে আমার কোনো সংবর্ধনাও ছিল না। এটি ছাত্রলীগের স্থানীয় কর্মীদের একটি অনুষ্ঠান ছিল। অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়ে থাকতে পারে।’
জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান দাবি করেন, ‘আমি হামলায় নেতৃত্ব দিইনি। যারা আলম ভাইয়ের সংবর্ধনার আয়োজন করেছিল, তারা কেউ এই পাড়ার বাসিন্দা নয়। তারা চিহ্নিত ছিনতাইকারী। এরা স্থানীয় ছাত্রলীগ কিংবা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্তও নয়। তাই তাদের সভা ডাকার বিষয়টি ছাত্রলীগ ও যুবলীগের নেতারা মেনে নিতে পারেননি। এ কারণেই বিচ্ছিন্নভাবে সংঘর্ষ হয়েছে।’