সিলেটে রাতে কুপিয়ে যুবক হত্যা
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হাসান আহমদ ওরফে ডন হাসান (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত নয়টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, হাসপাতালের প্রধান ফটকের সামনে হঠাৎ চার-পাঁচজনের একটি দল দা উঁচিয়ে হাসানকে ধাওয়া করে এলোপাতাড়ি কোপায়। আশপাশের লোকজন কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় হাসানকে হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ ঘটনাস্থল থেকে তিন যুবককে ধারালো অস্ত্রসহ আটক করেন। ওসি প্রথম আলোকে জানান, নিহত হাসান হাসপাতাল এলাকার পার্শ্ববর্তী মুন্সিপাড়ার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে এবং হাসান প্রায় দুই বছর পর জেল খেটে জামিনে বের হন। কিছুদিন আগে ওই মামলার সাক্ষীদের ওপর একটি পক্ষ হামলা করেছিল। মামলা ও সাক্ষীদের ওপর হামলার জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হাসান জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসেবে এলাকায় পরিচিতি বলে পুলিশ জানিয়েছে। তবে ছাত্রদলের জেলা সভাপতি সাঈদ আহমদ প্রথম আলোকে জানান, হাসান নামে মেডিকেল এলাকায় অনেক কর্মী আছেন। তাঁদের মধ্যে কোন হাসান কী কারণে খুন হয়েছেন, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।