সিলেটে শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় কুপিয়ে এক শিক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে আটটায় জিন্দাবাজারের ব্যস্ততম কাস্টমস কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম মিসবাহ উদ্দিন (১৮)। তাঁর বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারের চণ্ডীপুরে।
নগরের মজুমদারি এলাকার বাসিন্দা মিসবাহ সিলেট কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় ছিলেন। তাঁদের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারের চণ্ডিপুল গ্রামে।
কী কারণে কারা হত্যা করেছে, পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারছে না। জনাকীর্ণ স্থানে কী কারণে কারা তাঁকে হত্যা করল, পুলিশ নিশ্চিত হতে পারেনি। ঘটনাস্থলে পুলিশসহ র্যা পিড অ্যকাশন ব্যাটালিয়নের (র্যা ব-৯) একটি দল অবস্থান করছে।
এর আগে ১২ নভেম্বর বিকেলে নগরের সুবিদবাজার এলাকায় রাজিকুল ইসলাম (২২) নামের এক তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা হয়েছিল। ঘটনার প্রায় চার ঘণ্টা পরপরই পুলিশ খুনিকে শনাক্ত করে ওই রাতে গ্রেপ্তার করে। চাঁদাবাজির সূত্র ধরে রাজিকুল হত্যাকাণ্ড ঘটেছিল। ওই ঘটনার প্রায় দুই সপ্তাহের মাথায় প্রকাশ্যে কুপিয়ে হত্যার দ্বিতীয় ঘটনা এটি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, ব্যস্ত এলাকায় হঠাৎ আক্রমণের শিকার হন মিসবাহ। তাঁর বাম দিকের কান বরাবর ধারালো অস্ত্র দিয়ে একটি কোপ দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় জিন্দাবাজার এলাকায় রাতের পালায় কর্তব্যরত পুলিশসহ স্থানীয় লোকজন মিসবাহকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই মিসবাহর সঙ্গে থাকা রমজান নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। রমজান নিজেকে মিসবাহর বন্ধু বলে পুলিশকে জানান। সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ প্রথম আলোকে জানান, মিসবাহ কী কারণে জিন্দাবাজারে অবস্থান করছিলেন, হামলার পেছনে পূর্বশত্রুতা আছে কি না, এ বিষয়ে জানতে আটক রমজানকে জিজ্ঞাসাবাদ করে খুনি শনাক্ত করা হচ্ছে। মরদেহ পুলিশের জিম্মায় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার পরপরই জিন্দাবাজার এলাকায় গিয়ে দেখা গেছে, রাস্তার একাংশে জমাট রক্ত। পুলিশ স্থানটি ঘিরে রেখেছে। ঘটনাস্থলের চারদিকে বিপণিবিতান রয়েছে। এসব ব্যবসাপ্রতিষ্ঠান ঘটনার পরপরই বন্ধ রাখা হয়। মিসবাহকে চাপাতি দিয়ে একটি কোপ দিয়ে দুর্বৃত্তরা পালিয়েছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান। তবে হামলাকারীরা সংখ্যায় কতজন ছিলেন, এ বিষয়েও নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না।